বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে অপহরণের শিকার তিন রাবার বাগান শ্রমিককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের দাবি, জোরালো অভিযানের মুখে চাপের মুখে পড়ে অপহরণকারীরা শ্রমিকদের মুক্তি দিতে বাধ্য হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) গভীর রাতে রামু উপজেলার দুর্গম বদ্যপাড়া এলাকার গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তিন শ্রমিকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বাইশারী ইউনিয়নের একটি রাবার বাগান থেকে ওই তিন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পরপরই নাইক্ষ্যংছড়ি থানা-পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণকারীদের অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয় এবং সম্ভাব্য পাহাড়ি এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়।
পুলিশের ধারাবাহিক অভিযান ও চাপের মুখে অপহরণকারীরা অপহৃতদের প্রতিবেশী কক্সবাজার জেলার রামু উপজেলার দুর্গম বদ্যপাড়া এলাকায় রেখে পালিয়ে যায়। খবর পেয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে একটি দল সেখানে গিয়ে তাদের উদ্ধার করে নিরাপদে থানায় নিয়ে আসে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে সমন্বিত অভিযানের ফলে শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়েছে। এটি একটি বড় সাফল্য যে, কোনো ধরনের মুক্তিপণ ছাড়াই তাদের ফিরিয়ে আনা গেছে। অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
এদিকে বাগান মালিক ও বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল করিম বান্টু পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের কারণে কোনো অর্থ লেনদেন ছাড়াই আমার বাগানের শ্রমিকদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ।’
উল্লেখ্য, সম্প্রতি পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকায় শ্রমিক অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে দ্রুততম সময়ে এই উদ্ধার অভিযান অপহরণ প্রতিরোধে নতুন আশার সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আপনার মতামত লিখুন