ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ এলাকায় মা-মেয়েসহ তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি আকাশ মোল্লাকে (২৮) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (২৮ এপ্রিল) ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ ও র্যাব-১০-এর একটি দল যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১০-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া আকাশ মোল্লা আলীয়াবাদ এলাকার হারুন মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত ১০টার দিকে আলীয়াবাদ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযুক্ত আকাশ মোল্লা কোদাল দিয়ে কুপিয়ে আমেনা বেগম, রাহেলা বেগম ও কাবুল চৌধুরীকে নির্মমভাবে হত্যা করেন। খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হলে আসামিকে ধরতে অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
র্যাব জানায়, র্যাব-১০ (ফরিদপুর ক্যাম্প) এবং কোতোয়ালি থানা-পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে। এরপর আলীয়াবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আকাশ মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন