ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, প্রসাধন ও ইমিটেশন পণ্য উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এ সময় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
সোমবার (১১ মে) বিকেল পাঁচটায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়নের রাজাপুর ও শ্যামকুড় সীমান্ত তল্লাশি চৌকির (বিওপি) সদস্যরা পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে, খোশালপুর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ইমিটেশন ও প্রসাধনসামগ্রী জব্দ করেন। এ ছাড়া কুসুমপুর বিওপির একটি টহল দল অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করে। পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, বিজিবির পক্ষ থেকে আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন