চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাড়ির জানালার গ্রিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুবায়ের (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ভোগাইল বগাদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জুবায়ের ওই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। তিনি চলতি বছর ভোগাইল-বগাদি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জুবায়ের নিজ বাড়িতে থাকার সময় অসাবধানতাবশত জানালার গ্রিলে হাত দেন। বৈদ্যুতিক তারের লিকেজ থেকে গ্রিলটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে ছিল। গ্রিল স্পর্শ করা মাত্রই জুবায়ের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুবায়েরের বন্ধু শাকিল বলেন, ‘বাড়ির গ্রিলের সঙ্গে থাকা বৈদ্যুতিক তারে লিকেজ ছিল, যা আমরা কেউ জানতাম না। হঠাৎ করেই এই দুর্ঘটনা সব কেড়ে নিল।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফরিনা ইসলাম জানান, কিশোর জুবায়েরকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন