গাজীপুরের কালিয়াকৈরে একটি পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। সোমবার (১১ মে) বিকেল থেকে রাত আটটা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন শামীম হোসেন, শিপলু সরকার, শাহিনুর, ইউসুফ, গোলাম রাব্বী, সুরুজ্জামান, সানোয়ার, হৃদয় রায়, ফারুক হোসেন, কাউসার, রেজাউল করিম, লুৎফর রহমান, সামিয়া, শাহরুখ ও শহীদুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার টান কালিয়াকৈর এলাকায় একটি কুকুর হঠাৎ পথচারীদের আক্রমণ করতে শুরু করে। পরে এটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন এলাকায় ঘুরে নারী, পুরুষ ও শিশুদের কামড় দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ধাওয়া দিলে কুকুরটি পালিয়ে যায়।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নাফিজুর রহমান বলেন, ‘কুকুরের কামড়ে আহত ১৬ জনকে পর্যায়ক্রমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জলাতঙ্ক রোধে তাদের দ্রুত ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। তারা দ্রুত ভবঘুরে কুকুর নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, ‘বিষয়টি শুনেছি। কুকুর নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে পৌরসভার সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।’
আপনার মতামত লিখুন