রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা দূরীকরণে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নের মরা পদ্মা এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইজিপিপি কর্মসূচির আওতায় নাজিরুদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিশ্বনাথপাড়া বেড়িবাঁধ পর্যন্ত প্রায় ১ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ খাল খনন করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ২১ লাখ ৬৭ হাজার টাকা। এ ছাড়া উজানচর হাবিল মন্ডল পাড়া থেকে ফৈজদ্দিন মাতুব্বর পাড়া পর্যন্ত আরও শূন্য দশমিক ৯৩০ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে, যার ব্যয় ধরা হয়েছে ২৭ লাখ ৭ হাজার টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, খাল খননের মাধ্যমে পানির প্রবাহ স্বাভাবিক থাকবে এবং জলাবদ্ধতা কমবে। এর ফলে স্থানীয় কৃষকরা সেচ ব্যবস্থায় বাড়তি সুবিধা পাবেন।
তিনি আরও বলেন, দেশের কৃষি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এ ধরনের কার্যক্রম শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী এসব উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাস থেকে সারাদেশে কৃষি উৎপাদন বৃদ্ধি ও সেচ সুবিধা নিশ্চিত করতে সরকার ‘খাল পুনঃখনন কর্মসূচি’ শুরু করেছে। এই কর্মসূচির আওতায় দেশের ৫৪টি জেলায় ৬৩টি খাল খনন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর এবং গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম।
এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন