চোখে আলো নেই, কিন্তু আছে অদম্য ইচ্ছাশক্তি। নওগাঁর সেই অদম্য তরুণ মাহবুব জামানের স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তার হাতে একটি ল্যাপটপ তুলে দেওয়া হয়।
মাহবুব জামান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্ব বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। উচ্চশিক্ষা শেষে নিজেকে কর্মক্ষম করে গড়ে তুলতে তিনি বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ নিচ্ছেন। কিন্তু নিজের ল্যাপটপ না থাকায় তার শিক্ষা ও অনুশীলন ব্যাহত হচ্ছিল। জেলা প্রশাসনের এই উদ্যোগে তার সামনে এগিয়ে যাওয়ার পথ আরও সুগম হলো।
ল্যাপটপ হাতে পেয়ে আবেগাপ্লুত মাহবুব বলেন, ‘ব্যক্তিগত ল্যাপটপ না থাকায় অনুশীলনে অনেক সমস্যায় পড়তে হতো। এই সহায়তা আমাকে নতুন সাহস জোগাবে। আমি ভবিষ্যতে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষার সুযোগ তৈরি করতে কাজ করতে চাই।’
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা কেন্দ্র যৌথভাবে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘প্রতিবন্ধিতা মেধার সীমাবদ্ধতা নয়। সঠিক সুযোগ পেলে মাহবুবের মতো তরুণেরা দেশ ও রাষ্ট্রের সম্পদে পরিণত হতে পারে।’
অনুষ্ঠানে ১২ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ারসহ বিভিন্ন সহায়ক সামগ্রী দেওয়া হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল হক, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোহাম্মদ আহাদ আলীসহ অনেকে।
আপনার মতামত লিখুন