হবিগঞ্জ সরকারি শিশুপরিবারের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে খাবার আত্মসাৎ, অনিয়ম ও নির্যাতনের অভিযোগ তুলে আলোচনায় আসা উজ্জ্বল মিয়া (১২) নামে এক শিশু ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় প্রতিষ্ঠানের অন্য শিশুদের মধ্যে উদ্বেগ ও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উজ্জ্বল মিয়া নিখোঁজ হওয়ার ঘটনায় শিশুপরিবার কর্তৃপক্ষ হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পুলিশ জানিয়েছে, তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে উজ্জ্বলের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে সে অভিযোগ করে, শিশুদের জন্য বরাদ্দ করা মাছ ও মাংসের বড় একটি অংশ বাইরে বিক্রি করে দেওয়া হয়। ১০ কেজি বরাদ্দ থাকলে শিশুদের দেওয়া হয় মাত্র অর্ধেক। এ ছাড়া নিম্নমানের পোশাককে উচ্চমূল্য দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং প্রতিবাদ করলে ‘বড় ভাই’ পরিচয়ে এক কর্মচারী তাকে মানসিক নির্যাতন ও জেলে পাঠানোর হুমকি দেন বলেও সে ভিডিওতে দাবি করে।
সূত্র জানায়, ২০১৭ সালে ৫ বছর বয়সে লাখাই উপজেলার একটি সড়ক থেকে উজ্জ্বলকে উদ্ধার করা হয়। সিলেটের একটি সেফ হোম হয়ে ২০২৪ সালে তাকে হবিগঞ্জ সরকারি শিশুপরিবারে স্থানান্তর করা হয়। ১০০ আসনের এই প্রতিষ্ঠানে বর্তমানে ৭১ জন শিশু রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তদারকির অভাবে এখানে শিশুদের মধ্যে মোবাইল ব্যবহার ও বিশৃঙ্খলা বাড়ছে।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন শিশুপরিবারের উপতত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) নিপুন রায়। তিনি বলেন, ‘উজ্জ্বলের অভিযোগ ভিত্তিহীন। গত বৃহস্পতিবার এক কর্মচারীর সঙ্গে ঝগড়া ও মারধরের পর সে প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যায়। এর আগেও সে একবার পালিয়ে গিয়েছিল।’
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাওন বলেন, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পুলিশ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন