সুনামগঞ্জের তাহিরপুরে মাদক ও জুয়াবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন চার পুলিশ সদস্য। বুধবার (১৩ মে) রাতে উপজেলা সদরের উজান তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে এএসআই মিরান হোসেন মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল উজান তাহিরপুর গ্রামে অভিযানে যায়। গ্রামের আশরাফুল নামের এক ব্যক্তির দোকানের পেছনের কক্ষে জুয়ার আসর থেকে নগদ টাকা ও সরঞ্জামসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তাদের পুলিশের গাড়িতে তোলার সময় ২০-২৫ জন সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় এএসআই মিরান হোসেন মোল্লা, কনস্টেবল বদরুল হোসেন, মিঠু মিয়া ও ভৈরব দাশ আহত হন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে হামলায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-নুর আমিন, সাকিবুল হাসান, আলমগীর মিয়া, লিটন মিয়া, ওলি হোসেন, আশরাফুল ও শাফুল আলম।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার সাতজনসহ আটজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন