কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে ধরলা নদী ও ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন রোধ এবং নদী তীর রক্ষা কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (১৯ মে) দুপুরে ইউনিয়নের ইসলামপুর গ্রামে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত এক বছরে বেগমগঞ্জ ইউনিয়নের প্রায় ৫ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের কবলে পড়ে এরই মধ্যে দুই শতাধিক ঘরবাড়ি, ৫০০ একর কৃষি জমি, বেশ কিছু সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, কমিউনিটি ক্লিনিক ও মসজিদ-মন্দির নদীগর্ভে হারিয়ে গেছে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ভবন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কয়েক হাজার বসতবাড়ি চরম হুমকির মুখে রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তাতে ব্যাপক অনিয়ম করছে। ব্যাগের আকার ও বালু ভরাটের ক্ষেত্রে কারচুপির ফলে ভাঙন রোধে কোনো সুফল পাওয়া যাচ্ছে না। তারা অবিলম্বে এই অনিয়ম বন্ধ করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া বলেন, ‘নদী ভাঙনে মানুষ ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছে। অথচ রক্ষার কাজে অবহেলা ও অনিয়ম মেনে নেওয়া যায় না। আমরা চাই দ্রুত টেকসই ও স্বচ্ছ কাজ নিশ্চিত করা হোক।’
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান বেলাল মাস্টার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, শিক্ষক নুর-ই-এলাহিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলাকাবাসী দ্রুত পানি উন্নয়ন বোর্ডকে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন