চাঁদপুরে গত পাঁচ মাসে কিশোর অপরাধের সঙ্গে জড়িত বা ‘কিশোর গ্যাং’-এর ৩৮৪ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান এ তথ্য জানান।
সভাপতির বক্তব্যে আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রবিউল হাসান জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘চাঁদপুরে গত জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ৩৮৪ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা চাই চাঁদপুর শহরে অপরাধপ্রবণতা আরও কমুক। অপরাধ দমনে আমরা নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করব।’
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশ, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের এবং প্রেসক্লাব সদস্য মাসুদ আলম প্রমুখ।
বক্তারা চাঁদপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কিশোর অপরাধ নির্মূলে পুলিশের বিশেষ অভিযানের ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন