বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চোমর পাথালিয়া এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটি বিপজ্জনকভাবে হেলে পড়েছে। ব্যস্ততম গ্রামীণ সড়কের পাশে থাকা এই খুঁটিটি যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ছোনকা-চোমর পাথালিয়া সড়কের এই অংশটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থী চলাচল করে। ছোট-বড় বিভিন্ন যানবাহনও চলে এই পথ দিয়ে। কিছুদিন ধরে খুঁটিটি একপাশে হেলে পড়তে শুরু করলেও সম্প্রতি তা চূড়ান্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছে। খুঁটির ওপর থাকা উচ্চ ভোল্টেজের বিদ্যুৎবাহী তারগুলোও এখন সাধারণ মানুষের নাগালের কাছাকাছি চলে এসেছে। এতে পুরো এলাকাটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, খুঁটিটির এই নাজুক অবস্থার কথা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগকে মৌখিকভাবে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সেটি মেরামতে বা সরাতে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো মুহূর্তে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা তাদের।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, খুঁটিটি যেভাবে হেলে আছে, তাতে বাতাসের ঝাপটা বা সামান্য বৃষ্টিতেও এটি ভেঙে পড়তে পারে। বিশেষ করে রাতে চলাচলের সময় ঝুঁকি আরও বেড়ে যায়। নিরাপদ চলাচলের স্বার্থে তারা দ্রুত এই খুঁটিটি সংস্কারের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন