ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে ময়মনসিংহের ত্রিশালে। প্রিয় দলের পতাকা ও জার্সি কিনতে এখন ফুটপাত থেকে শুরু করে অভিজাত শপিং মলে ফুটবলপ্রেমীদের ভিড়। মাঠে খেলা গড়ানোর আগেই উপজেলাজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ।
ত্রিশাল উপজেলার ১২টি ইউনিয়নের ছোট-বড় বাজারগুলোতে এখন জার্সি ও পতাকার রমরমা ব্যবসা। এমনকি স্কুল-কলেজের সামনেও অস্থায়ীভাবে ফেরি করে পতাকা বিক্রি করতে দেখা যাচ্ছে। দোকানিরা আকাশী-সাদা কিংবা হলুদ-সবুজ রঙের জার্সির পসরা সাজিয়ে বসেছেন। বাজারে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি ও ইতালির জার্সি। ফুটপাতে ১৫০ থেকে ৪০০ টাকার মধ্যে জার্সি পাওয়া গেলেও শপিং মলগুলোতে তা বিক্রি হচ্ছে ৫০০ টাকার বেশি দামে।
ফুটপাতের বিক্রেতা মো. সাদ্দাম হোসেন বলেন, ‘সারা বছর নানা সামগ্রী বিক্রি করলেও এখন বিশ্বকাপ উপলক্ষে পতাকা ও জার্সি বিক্রি করছি। চাহিদা বেশ ভালো। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি।’
আরেক বিক্রেতা মো. ফয়সাল জানান, গত ২০ দিন ধরে তিনি জার্সি ও পতাকা বিক্রি করছেন। প্রতিদিন ৩ থেকে ৪ হাজার টাকার বিক্রি হচ্ছে। খেলা যত ঘনিয়ে আসবে, বিক্রি তত বাড়বে বলে তাঁর আশা।
প্রিয় দলের প্রতি ভালোবাসা জানাতে পিছিয়ে নেই সমর্থকেরাও। আর্জেন্টিনা সমর্থক হৃদয় বলেন, ‘ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার ভক্ত। বিশ্বকাপ উপলক্ষে বড় পতাকা বানিয়ে ছাদে টানিয়েছি, নতুন জার্সিও কিনেছি।’
জহিরুল নামের এক ক্রেতা বলেন, ‘আমি আর্জেন্টিনার সমর্থক হলেও ছোট ভাই ব্রাজিলের। তাই দুজনের জন্যই জার্সি কিনতে এসেছি। বাড়িতে পতাকা ওড়ানো হবে। বিশ্বকাপ এলে আমাদের পরিবারে অন্যরকম এক উন্মাদনা তৈরি হয়।’
আপনার মতামত লিখুন