রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনায় প্রয়োজনীয় সরঞ্জাম উদ্ধার ও ফেরত না পাওয়ায় দাপ্তরিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে গত এক সপ্তাহ ধরে ভূমি সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
রোববার (৭ জুন) সকালে ওই ভূমি অফিসে গিয়ে দেখা যায়, অফিস খোলা থাকলেও সব ধরনের সেবা বন্ধ রয়েছে। ইউনিয়ন ভূমি কর্মকর্তা সুমন গাঙ্গুলি জানান, চুরির পর প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তারা সেবা দিতে পারছেন না।
অফিসের সামনে দাঁড়িয়ে থাকা সেবাগ্রহীতা নাসির সরদার ও তমিজউদ্দীন বলেন, ‘জমি বিক্রির জন্য পর্চা তুলতে গত তিন দিন ধরে এখানে আসছি। কিন্তু অফিসের কাজকর্ম বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে।’
অফিস সূত্রে জানা যায়, গত ৩১ মে ভোরে দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসের দরজা-জানালা ভেঙে কম্পিউটার মনিটর, সিসি ক্যামেরার সরঞ্জাম, ফ্যান ও পানির মোটরসহ মূল্যবান ১১টি সামগ্রী চুরি হয়। ওই দিনই অভিযান চালিয়ে স্থানীয় বিএনপি নেতা আইয়ুব আলী খানের দোকান থেকে ৯টি সামগ্রী ও তিন বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভূমি অফিসের সহকারী বেলাল মন্ডল এবং পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়েছে। মামলায় প্রধান আসামি আইয়ুব আলীর শ্যালক হালিমকে গ্রেপ্তার করা হলেও আইয়ুব ও তার দুই ছেলে পলাতক রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, চুরির মালামাল যে দোকান থেকে উদ্ধার হয়েছে, সেই দোকান খোলা থাকলেও পুলিশ আসামিদের ধরছে না। তবে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ‘আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। উদ্ধার হওয়া মালামাল আদালতের মাধ্যমে ফেরত পাওয়ার প্রক্রিয়া চলছে।’
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, ‘চুরির পর ১১টি সামগ্রীর মধ্যে ৯টি উদ্ধার হয়েছে। তবে পিসি ও কম্পিউটার উদ্ধার না হওয়ায় এবং বাকি সামগ্রী থানায় থাকায় কার্যক্রম শুরু করা যাচ্ছে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, ‘সহকারী কমিশনার নিজে উপস্থিত থেকে মালামাল উদ্ধার করেছেন। সরকারি সেবামূলক কার্যক্রম দ্রুত চালু করার জন্য আদালতে আবেদন করা হয়েছে। মালামাল ফেরত পেলে স্বল্প পরিসরে হলেও কাজ শুরু করা হবে।’
আপনার মতামত লিখুন