নওগাঁর বদলগাছীতে অপহৃত ১৩ বছরের এক স্কুলছাত্রীকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার মা। রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার চারমাথা এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবারটি অবিলম্বে মেয়েকে উদ্ধার এবং অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অপহৃত নাছরিন আক্তারের মা নেসপাতি বেগম বলেন, গত ৭ জুন সকালে তার ছোট মেয়ে বাড়ি থেকে স্কুল ও কোচিংয়ের উদ্দেশে বের হয়। নির্দিষ্ট সময় পার হওয়ার পরও সে বাড়ি না ফেরায় স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তারা জানতে পারেন, ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে কোলা ইউনিয়নের মগলের গোল এলাকার রাস্তা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে নাছরিনকে অপহরণ করা হয়েছে।
পরিবারের অভিযোগ, তাদের প্রতিবেশী রায়হান হোসেন (২৫) এই অপহরণের মূল পরিকল্পনাকারী। এ কাজে তাকে তার বাবা-মা ও এক সহযোগী সহায়তা করেছেন। মেয়ে নিখোঁজ হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দুর্ব্যবহারসহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন। বর্তমানে অভিযুক্ত রায়হান ও স্কুলছাত্রী নাছরিন নিখোঁজ রয়েছে। মেয়ের বড় ধরনের কোনো ক্ষতির আশঙ্কায় চরম উদ্বেগের মধ্যে দিন কাটছে পরিবারের।
সংবাদ সম্মেলনে নেসপাতি বেগম কান্নায় ভেঙে পড়েন এবং পুলিশ প্রশাসনের কাছে মেয়েকে দ্রুত ফিরে পেতে আকুতি জানান। এ সময় নাছরিনের বাবা মো. হিটলার, বড় ভাই নাসিব হোসেন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন