সাতক্ষীরায় নদী ব্যবস্থাপনা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে জোয়ারাধার বা টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) পদ্ধতি বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। রোববার (১৪ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক সভায় বক্তারা এ দাবি জানান।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ ও সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির আয়োজনে এই ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে ‘যুব চেতনায় উপকূলীয় জলাবদ্ধতা সমস্যা মোকাবিলায় টিআরএম’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
বক্তারা বলেন, নব্বইয়ের দশক থেকে সাতক্ষীরা জেলার বেতনা, মরিচ্চাপ ও প্রাণসায়ের অববাহিকায় জলাবদ্ধতা সমস্যা ভয়াবহ রূপ নিয়েছে। পলি জমে এই নদীগুলো এখন মৃতপ্রায়। ফলে বর্ষা মৌসুমে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে মানুষ ঘরবাড়ি ও জীবিকা হারাচ্ছে। নদী খনন বা স্লুইসগেট সংস্কারের মতো সনাতনী পদ্ধতি প্রয়োগ করা হলেও তা কোনো কাজে আসেনি। সংকটের স্থায়ী সমাধানে টিআরএম পদ্ধতি বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ। সদর উপজেলা পানি কমিটির সভাপতি মো. মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।
সভায় আরও বক্তব্য দেন তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সদর উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ বাবু, সাতক্ষীরা যুব পানি কমিটির সভাপতি মো. হোসেন আলী ও উত্তরণের প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সাহা প্রমুখ। নদী রক্ষায় উপকূলীয় অঞ্চলের যুবসমাজকে সঙ্গে নিয়ে অবিলম্বে টিআরএম কার্যকর করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সভায় জোর দাবি জানানো হয়।
আপনার মতামত লিখুন