লালমনিরহাটের আদিতমারীতে সাত বছরের শিশু নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, দ্রুততম সময়ে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়ে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নিহত নন্দিনীর বাড়িতে গিয়ে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘প্রধানমন্ত্রী বাজেট অধিবেশনে থাকা অবস্থায় আমাদের নির্দেশ দিয়েছেন নন্দিনীর পরিবারের পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করতে। যারা এই অবুঝ শিশুটিকে হত্যা করেছে, তারা মানুষ নয়, নরপিশাচ। তাদের এমন শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।’
মামলার অগ্রগতি নিয়ে মন্ত্রী বলেন, গ্রেপ্তার প্রধান অভিযুক্ত বিধান চন্দ্র হত্যার দায় স্বীকার করেছেন। আইনি আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা শেষ করে দ্রুত চার্জশিট দেওয়া হবে।
ঘটনার দিন পুলিশের ওপর হামলার বিষয়ে মন্ত্রী বলেন, “আসামি গ্রেপ্তার করে ফেরার পথে কার উসকানিতে বা প্ররোচনায় প্রশাসনের ওপর আক্রমণ করা হলো, সেটিও পুলিশ তদন্ত করে দেখছে। আইন হাতে তুলে নিয়ে যারা ‘মব’ সৃষ্টি করেছে, তাদের গ্রেপ্তার করা হবে। তবে নিরপরাধ সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই।”
গত মঙ্গলবার সকালে ফলিমারী গ্রামে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে নন্দিনীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার বিধান চন্দ্র হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
পরিদর্শনের সময় ত্রাণমন্ত্রীর সঙ্গে ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান ও পুলিশ সুপার আসাদুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন