সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উদ্যাপিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় নগরীর আরামবাগ এলাকার আমান উল্লাহ কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় সহকারী হাইকমিশন, সিলেট। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘বর্তমান সময়ে মানুষের জীবনযাত্রা ক্রমশ ব্যস্ত ও যান্ত্রিক হয়ে উঠছে। এতে শারীরিক জটিলতার পাশাপাশি মানসিক চাপও বাড়ছে। যোগব্যায়াম শরীর ও মনের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করে। সুস্থ, কর্মক্ষম ও সচেতন নাগরিক গঠনে নিয়মিত যোগচর্চার বিকল্প নেই।’
সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী বলেন, ‘নিয়মিত যোগচর্চা মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং মানসিক প্রশান্তি আনে। একটি সুস্থ সমাজ ও জাতি গঠনে যোগচর্চার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
অনুষ্ঠানে আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য তুলে ধরে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বলেন, যোগচর্চা মানুষের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আত্মনিয়ন্ত্রণ অর্জনে সহায়তা করে। বর্তমান বিশ্বের দ্রুতগতির জীবনযাত্রায় যোগব্যায়াম ভারসাম্য ও ইতিবাচকতার বার্তা ছড়িয়ে দিচ্ছে।
তিনি আরও বলেন, “যোগ আজ বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পেয়েছে। জাতি, ধর্ম ও ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে এটি এখন মানবকল্যাণের এক সার্বজনীন মাধ্যম।” তিনি দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল প্রতিপাদ্য ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’-এর প্রতিও সবার দৃষ্টি আকর্ষণ করেন।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া। তিনি যোগচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাফিন সরকার, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসাইন, সিনিয়র সহসভাপতি ফিরদৌস আলম, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সিলেট জেলার সভাপতি রঞ্জন ঘোষ, আহ্বায়ক অঞ্জন ঘোষ, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুক্তাবিস উন নূর, সিলেট জেলা বিএনপির সহসভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্য পর্ব শেষে ‘ট্রিপল এ’-এর প্রতিষ্ঠাতা পদশ্রী দে-এর পরিচালনায় একটি বিশেষ যোগ সেশন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের বিভিন্ন যোগাসন, প্রাণায়াম ও ধ্যানের কৌশল প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জান্নাতুল নাজনীন আশা ও নাহিদা খান সুর্মি। এই আয়োজনে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করে স্থানীয় সংগঠন ‘ট্রিপল এ’ এবং বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন (বিওয়াইডি) সিলেট অ্যাসোসিয়েশন।
উল্লেখ্য, ২০১৪ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবের পর বিশ্বের ১৭৭টি দেশ এর সমর্থনে এগিয়ে আসে। এরপর থেকে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
আপনার মতামত লিখুন