সাতক্ষীরা জেলার সাড়ে ৬ লাখ গ্রাহক যদি প্রতিদিন মাত্র ১ ইউনিট করে বিদ্যুৎ সাশ্রয় করেন, তবে বছরে ৩০৪ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। রোববার (২১ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিদ্যুৎ সাশ্রয়বিষয়ক ব্যবস্থাপনা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও সাধারণ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ে উদ্বুদ্ধ করতে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাউসার আজিজ।
সভায় জানানো হয়, সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ ১৩ টাকা ৯ পয়সা দরে কিনে বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে আবাসিক গ্রাহকদের কাছে মাত্র ৪ টাকায় বিক্রি করছে। এই বিপুল পরিমাণ ভর্তুকি কমাতে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে।
সভায় আরও জানানো হয়, সাধারণ যন্ত্রপাতির বদলে ইনভার্টার প্রযুক্তিসম্পন্ন এসি বা ফ্রিজ ব্যবহার করলে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। এ ছাড়া সাধারণ বাল্বের বদলে এলইডি বাল্ব ও বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান ব্যবহারের মাধ্যমেও বিল কমিয়ে আনা সম্ভব বলে সভায় উল্লেখ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, ‘অফিস বা বাড়িতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার পরিহার করতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ী হলে যেমন ব্যক্তি নিজে উপকৃত হবেন, তেমনি রাষ্ট্রও লাভবান হবে।’
সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শেখ মঈনুল ইসলাম, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মুহা. আজিজুর রহমান, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী সোয়াইব হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা মেহেদী হাসান তানভীর বক্তব্য দেন।
আপনার মতামত লিখুন