নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে ঘুরতে আসা এক চীনা পর্যটককে হেনস্তা করে ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে আব্দুল মাবুত (ওরফে হিরো নানা) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দুপুরে জয়পুরহাট জেলার মাঝিপাড়া এলাকা থেকে টুরিস্ট পুলিশ তাকে আটক করে।
আটক আব্দুল মাবুত জয়পুরহাটের চন্ডিপুর গ্রামের বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘হিরো নানা’ নামে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসেন এক চীনা পর্যটক। এ সময় তার ভাষাগত সীমাবদ্ধতার সুযোগ নিয়ে আব্দুল মাবুত আপত্তিকর ও অস্বস্তিকর নানা প্রশ্ন করেন এবং তা ভিডিওতে ধারণ করেন। ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, পর্যটক বাংলা না বুঝলেও আব্দুল মাবুত তাকে তুচ্ছতাচ্ছিল্য করে অশালীন শব্দ ব্যবহার করছেন। ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
নেটিজেনদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে নিছক বিনোদন ও ‘ভিউ’ বাড়ানোর উদ্দেশ্যে বিদেশি পর্যটকের সঙ্গে এমন আচরণ দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টডিয়ান মোহাম্মদ ফজলুল করিম বিষয়টি নজরে আসার পরপরই টুরিস্ট পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তদন্তে নেমে আজ অভিযুক্তকে আটক করা হয়।
মোহাম্মদ ফজলুল করিম বলেন, ‘এ ধরনের আচরণ আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর। ভিডিওটি দেখার পর আমরা দ্রুত আইনি পদক্ষেপ নিয়েছি।’
বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে অভিযুক্তের ছেলে রাফি দাবি করেছেন, তার বাবা বিষয়টি গুরুত্ব বুঝতে পারেননি, কেবল ‘মজার ছলে’ ভিডিওটি করেছিলেন।
পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, যেখানে প্রতিবছর বিপুলসংখ্যক বিদেশি পর্যটক ভ্রমণে আসেন। তাদের নিরাপত্তা ও সম্মান বজায় রাখতে এমন পদক্ষেপ জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন