কক্সবাজারের সেন্টমার্টিন উপকূলে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আনা বিপুল পরিমাণ অবৈধ বিদেশি কারেন্ট জালসহ ছয়জনকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার করা এসব জালের বাজারমূল্য প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা বলে জানানো হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি বিশেষ দল পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার দিক থেকে আসা একটি সন্দেহজনক নৌকাকে থামার সংকেত দেওয়া হয়। নৌকাটি সংকেত অমান্য করে গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে সেটিকে আটক করেন।
আটক নৌকায় তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে পাচার করে আনা প্রায় ২১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারের অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। জব্দ করা জাল ও নৌকাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান প্রতিরোধ ও দেশের মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন