বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর স্টেশনের সুলতান বুক স্টলের স্বত্বাধিকারী ও পরিচিত সংবাদপত্র বিক্রেতা সুলতান আহমেদ (৬৫) মারা গেছেন ((ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন))। সোমবার (২২ জুন) সকাল ৯টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সুলতান আহমেদ দীর্ঘকাল ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সংবাদপত্র বিপণন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় পাঠক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। তার পরিচালিত সুলতান বুক স্টলটি ওই এলাকায় স্থানীয় সংবাদ ও জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত ছিল।
সুলতান আহমেদের মৃত্যুতে বাবুগঞ্জের সংবাদপত্র পাঠক ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। এ ছাড়া বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ এবং এম রহমান এজেন্সি, আলম এজেন্সি ও রকি এজেন্সিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে,এশার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
আপনার মতামত লিখুন