রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের ওপর গড়ে ওঠা একটি অবৈধ মুরগির খামার উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১ জুলাই) দুপুর একটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই অভিযান চালানো হয়। খামারটির কারণে পরিবেশদূষণের পাশাপাশি সরকারি খাল খনন কর্মসূচি ব্যাহত হচ্ছিল।
অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস। অভিযানে খামারের আংশিক অংশ ভেঙে ফেলা হয়। তবে খামারে জ্যান্ত মুরগি থাকায় মানবিক দিক বিবেচনা করে সেগুলো সরিয়ে নিতে আজ সন্ধ্যা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইজিপিপি কর্মসূচির আওতায় গোয়ালন্দ নাজিরুদ্দিন পাইলট উচ্চবিদ্যালয় থেকে বিশ্বনাথপাড়া বেড়িবাঁধ পর্যন্ত প্রায় ১ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ খাল খনন করা হচ্ছে। প্রায় ২১ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ের এই প্রকল্পটি গত মে মাসে উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
প্রকল্প এলাকা পরিদর্শনের পর খালের ওপর অবৈধভাবে গড়ে ওঠা মুরগির খামারটি সরিয়ে নিতে খামারিকে বারবার নির্দেশ দেয় প্রশাসন। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মাধ্যমেও বার্তা পাঠানো হলেও কাজ না হওয়ায় আজ উচ্ছেদ অভিযান চালানো হয়।
খামারের মালিক হাবিবুর রহমান প্রশাসনের সতর্কবার্তা পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘হ্যাচারিটি ১০–১২ জনের মালিকানাধীন। আরএস ও এসএ রেকর্ড অনুযায়ী জমিটি আমাদের হলেও বিএস রেকর্ড অনুযায়ী এটি সরকারের।’
ইউএনও সাথী দাস বলেন, ‘সরকারি খালের ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ বেআইনি। এই খামারের কারণে খাল খনন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছিল। বারবার বলা সত্ত্বেও তারা স্থাপনা সরায়নি। তাই আজ আংশিক ভেঙে ফেলা হয়েছে। মুরগিগুলো সরিয়ে নিতে মানবিক কারণে সন্ধ্যা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তারা স্থাপনা পুরোপুরি সরিয়ে না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল প্রমুখ।
আপনার মতামত লিখুন