হরমুজ প্রণালিতে সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ তুলে ইরানে হামলা চালিয়েছিলো যুক্তরাষ্ট্র। এবার এর পাল্টা জবাবে বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এছাড়াও কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে দেশটি। জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন। স্থানীয় সময় বুধবার ভোরে বাহরাইনে সাইরেন বেজে ওঠার পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানায়। এদিকে, আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে তারা বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে, মঙ্গলবার হরমুজ প্রণালিতে সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ তুলে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানে হামলার পরপরই দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইরানের ওপর যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার পরিণতি 'ভয়াবহ' হবে বলে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন প্রশাসনকে কড়া বার্তা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আরাঘচি তার পোস্টে লিখেন: ‘যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র আমাদের দৃঢ়তা পরীক্ষা করার চেষ্টা করেছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকিই জবাব ছাড়া রাখবে না।’ এর পরই বুধবার হামলার জবাবে চালান এই পাল্টা হামলা।