সংবাদ

সাহিত্য

অপ্রতিমের জন্য এলিজি

মা, তুমি আমায় ভালোবাস?  হ্যাঁ, কেন বাবা? বলো না কতটা ভালোবাস?আকাশের মতো, আকাশে যত তারা আছে ততটা ভালোবাসি। আকাশে কত তারা মা? অগণিত! আজ তোমার পরীক্ষা মা- কী পরীক্ষা? আমায় ভালোবাসলে তোমার নতুন আইফোনটা আমায় একটু দেবে?মা’র মন খারাপ হয়ে যায়। ছেলে বলে, আমাকে একটু সময়ের জন্যে দেবে? আমি গতকাল আমার বন্ধুদের বলেছি, জানিস, আমার মা ... মডেল আই ফোন কিনেছেন, বন্ধুরা অবাক হয়ে বলেছে, তুই মিথ্যে বলছিস না তো! মা আমি কি মিথ্যে বলি বলো?তুমি শিখিয়েছ সদা সত্য কথা বলবে, মিথ্যে বলা মহাপাপ মহাপাপ!মা ওরা না আমাকে নিয়ে ঠাট্টা করছে, তুমি তো জান আমি মিথ্যে বলি না!দেবে? দেবে মা, তোমার আই ফোনটা? আমি শুধু যাবো, ওদের দেখাবো, আর একটা ছবি তুলে দৌড়ে চলে আসবো তোমার কোলে, মা দেবে?চিন্তিত মা, তাকান ছেলের ম্লান মুখের দিকে, তাকান আইফোনের দিকে! কী ভেবে বললেন, ঠিক আছে বাবা, বন্ধুদের দেখিয়ে দৌড়ে চলে আসবে মায়ের কাছে।খোকার মুখে রাজ্য জয়ের ঝিলিক। মা’র মনেও ছড়িয়েছে সেই হাসির আভা।অবুঝ সবুজ পৃথিবীতে নীল ফাঁদ পাতে পাষণ্ডের দল...! পিশাচেরা কেড়ে নেয় আইফোন! কেড়ে নেয় খোকার জীবন!খোকার কি মনে পড়ছিল মায়ের মুখটা? চাইছিল মায়ের হাতের শেষ স্পর্শ, খোকা কি শেষ নিঃশ্বাস নেবার সময় মায়ের নিঃশ্বাসের ঘ্রাণ নিতে চেয়েছিল? মায়ের কোলে মাথাটা রাখতে চেয়েছিল?টিক! টিক! মা তাকিয়ে আছে ঘড়িতে, সেকেন্ড, মিনিট, ঘণ্টা, তার খোকা কখন ফেরে, কখন ফেরেমা তাকায় উঠোনে উঠোনে! খোকা তার কখন আসে? কখন আসে? ক্লান্ত খোকা! রক্তাক্ত খোকা! আসে থেতলে যাওয়া মাংসপিণ্ড হয়ে!  মায়ের শরীর হিম হয়ে আসে! মায়ের নিঃশ্বাস স্তব্ধ হয়ে আসে! আর্তচিৎকার গলা বেয়ে নেমে যায় হৃৎপিণ্ডে! সেই থেকে মা নির্বাক!মায়ের  হৃৎপিণ্ড ব্যবচ্ছেদ করা গগনবিদারী  হাহারকার, চোখে নামে আশ্বিনের ঢল হয়ে, গড়িয়ে পড়ে গোমতীর বুকে। রাত চিরে আকাশে নেমে  আসে  অযুত কোটি তারা, উদ্ভ্রান্ত  মা রাতভর তারা গোনেকত কত তারা! মায়ের মুঠোয় আর ফোন নেই, কেবল মুঠো উঁচু করে ছুঁতে চায় তারাময় নীলচে আকাশ! কোন তারাটি তার মানিক অনুপম অপ্রতিম হয়ে জ্বলছে!#

অপ্রতিমের জন্য এলিজি