সৃজনশীলতার পথ কখনোই নিষ্কণ্টক নয়; বরং এক অর্থে সে পথের প্রকৃত পরিচয়ই তার কাঁটা। আমরা সৃষ্টির চূড়ান্ত যে রূপ প্রত্যক্ষ করি কবিতার মসৃণ পঙ্ক্তিতে, উপন্যাসের সুগভীর মানবজিজ্ঞাসায়, চিত্রকলার আলোআধারি রংয়ের খেলায়, সংগীতের সুমধুর অনুরণনে; অথচ সেই দৃশ্যমান সৌন্দর্যের অন্তরালে কত প্রত্যাখ্যান, কত আত্মসংশয়, কত নিঃসঙ্গতা, কত অনিদ্রা, কত শোক, কত ব্যর্থতার ধ্বংসস্তূপ, কত অপরিচিত অন্ধকার গোপনে জমে থাকে তার কতটুকুই বা গোচরীভূত হয় আমাদের চর্মচক্ষুর অনিচ্ছুক দৃষ্টিসীমায় কিংবা উপলব্ধির ঝুল বারান্দায়। সৌন্দর্যপিপাসু মানুষ ফুলটিকে নিজের করে নেয়, ফুলের সৌরভ গ্রহণ করে; কিন্তু তার শিকড় যে অন্ধকার মাটিতে প্রোথিত, এতোদিন নীরবে রক্ত ও অশ্রুর সঙ্গে মিশে ছিল সে— সেসবের খবর কজনইবা রাখেন। অথচ বিশ্বসাহিত্য, বাংলা সাহিত্য, চিত্রকলা তথা মানুষের সমগ্র সৃজন-ঐতিহ্যের দিকে একটু গভীরভাবে লক্ষ্য করলেই দেখা যায় মহৎ সৃষ্টির একটি বড় অংশের জন্ম হয়েছে এমন এক জীবনক্ষেত্রে, যেখানে ফুলের চেয়ে কাঁটার আধিক্যই ছিল বেশি।
তবে এখানেই একটি মৌলিক কথা প্রথমেই স্মরণে রাখা দরকার। দুঃখ নিজে শিল্প সৃষ্টি করে না, যন্ত্রণা নিজে কবিতা লেখে না, প্রত্যাখ্যান নিজে কোনো ক্যানভাসে রং তোলে না। পৃথিবীর অসংখ্য মানুষ দুঃখ ভোগ করেন, কিন্তু প্রত্যেক দুঃখ ‘ডিভাইন কমেডি’ হয়ে ওঠে না, প্রতিটি মানসিক অস্থিরতা ‘দ্য স্টারি নাইট’ সৃষ্টি করে না, প্রতিটি নিঃসঙ্গতা জীবনানন্দীয় কাব্যভাষায় রূপ নেয় না। সুতরাং সৃষ্টির রহস্য কষ্টের মধ্যে নয়; বরং কষ্টকে রূপান্তর করার মধ্যে। শিল্পীর প্রকৃত ক্ষমতা গভীর ক্ষতের অপরিসীম বেদনা নীরবে সহ্য করে যাওয়ার মধ্যে নয়, বরং ক্ষতের মধ্যে অন্য এক নন্দনসূত্র খুঁজে পাওয়ায়। রক্ত যেখানে অন্যের কাছে কেবল রক্ত, শিল্পী সেখানে কখনো একটি রং আবিষ্কার করেন; নৈঃসঙ্গ্য যেখানে অন্যের কাছে শূন্যতা, কবির কাছে তা কখনো এমন একটি অভ্যন্তরীণ আকাশ হয়ে ওঠে যেখানে নক্ষত্র জন্মাতে পারে। এই রূপান্তরই শিল্পের গোপন আলকেমি— যেখানে ক্ষত সৌন্দর্যে, অন্ধকার আলোতে, আত্মসংশয় অনুসন্ধানে এবং কাঁটা শেষ পর্যন্ত ফুলের সম্ভাবনায় রূপান্তরিত হয়।
শিল্পস্রষ্টা আসলে দৃশ্যমান বাস্তবতার প্রতি এক ধরনের অন্তহীন অসন্তোষ বহন করেন— যা আছে, তা-ই তাঁর কাছে যথেষ্ট নয়। দৃশ্যের আড়ালে তিনি অদৃশ্যকে খোঁজেন; উচ্চারিত বাক্যের ভেতর অনুচ্চারিত নৈঃশব্দ্য শোনেন; উপস্থিতির মধ্যে অনুপস্থিতির শূন্যতা এবং জীবনের ভেতর মৃত্যুর ক্ষীণ কিন্তু অবিনাশী ছায়া অনুভব করেন। এই কারণেই সৃষ্টিশীলতা এক ধরনের অন্তর্মুখী বিদ্রোহ। বাস্তবতা যেমন আছে তেমন গ্রহণ না করে তাকে পুনর্বিন্যাস করা, পুনঃঅর্থায়িত করা, কখনো পুনর্নির্মাণ করা এবং এই প্রবণতাই মূলত শিল্পের জন্মদাত্রী। নিৎশে যে অন্তর্গত বিশৃঙ্খলা থেকে নৃত্যরত নক্ষত্রের জন্মের কথা বলেছিলেন, সৃজনশীলতার গভীরতম প্রকৃতি যেন সেই রূপকের মধ্যেই ধরা পড়ে। মানুষের ভেতরে যদি সংঘর্ষ না থাকে, প্রশ্ন না থাকে, সংশয় না থাকে, তবে নতুন ভাষার জন্ম নেয়াটাও কঠিন বৈকি। শিল্পীর অন্তর্জগৎ তাই প্রায়শই শান্ত কোনো হ্রদ নয়; তা ঢেউ, ঘূর্ণি, ভাঙন, আতঙ্ক, প্রেম, শোক, উত্তেজনা ও আকাঙ্ক্ষায় পরিপূর্ণ এক অনির্দেশ্য জলরাশি।
শার্ল বোদলেয়ারের Les Fleurs du mal— ‘অশুভের ফুল’, এই পুরো নন্দনতত্ত্বেরই যেন এক বিস্ময়কর নাম। পাপ, নৈরাশ্য, নগর জীবনের ক্লান্তি, কামনা, বিষণ্নতা, ennui, নৈতিক অস্বস্তি— এসবই তাঁর কাব্যের উপাদান; অথচ সেই বিষণ্নতা বা পতনের মধ্যেই তিনি সৌন্দর্যের সম্ভাবনা আবিষ্কার করেন। এখানেই আধুনিক শিল্পের এক মৌলিক শিক্ষণ। সুন্দর সুন্দর বিষয়াবলীই কেবল সৌন্দর্যের জন্ম দেয় না; শিল্পীর দৃষ্টি কদর্যকেও নন্দনে উন্নীত করতে পারে। পঙ্কে জন্ম নিয়েও পদ্ম যেমন কাদার গন্ধ বহন না, তেমনি শিল্পের ফুলও মানবজীবনের সবচেয়ে মলিন মাটি থেকে উঠে এসেও সৌরভ ছড়ায়।
দান্তের জীবনেও নির্বাসন এক গভীর কাঁটা হয়ে এসেছিল। ফ্লোরেন্স থেকে বিচ্ছিন্ন, রাজনৈতিক পরাজয়ে বিপর্যস্ত, স্বদেশহীন দান্তে তাঁর ব্যক্তিগত নির্বাসনকে এমন এক মহাকাব্যিক যাত্রায় রূপ দিলেন যার পথ নরক থেকে প্রায়শ্চিত্তলোক পেরিয়ে স্বর্গে পৌঁছায়। তাঁর কাছে ফিরে যাওয়ার বাস্তব পথ বন্ধ হয়ে গিয়েছিল; কিন্তু সেই বন্ধ পথের বিপরীতে তিনি খুলে দিয়েছিলেন মানুষের আধ্যাত্মিক আত্মঅন্বেষণের এক অনন্ত পথ। ব্যক্তিগত ক্ষত তখন বিশ্বসাহিত্যের মহামূল্য উত্তরাধিকার হয়ে ওঠে।
দস্তয়েভস্কির জীবন আরও নির্মম। মৃত্যুদণ্ডের মুখোমুখি দাঁড়ানো, শেষ মুহূর্তে দণ্ড পরিবর্তন, সাইবেরিয়ায় কারাবাস, দারিদ্র্য, ঋণ, অসুস্থতা, ব্যক্তিগত শোক— তাঁর জীবনের কাঁটা বহুমাত্রিক। অথচ এই মানুষটিই মানবচেতনার গভীরতম অন্ধকারে প্রবেশ করে লিখলেন Crime and Punishment, The Idiot, Demons, The Brothers Karamazov তাঁর রচনায় মানুষ কখনো একরৈখিক নয়; সে একই সঙ্গে অপরাধী ও অনুতপ্ত, বিশ্বাসী ও সংশয়বাদী, নিষ্ঠুর ও কোমল। দস্তয়েভস্কি যেন দেখিয়েছেন, মানুষকে বুঝতে হলে তার আলোর পাশাপাশি তার অন্ধকারও দেখতে হয়। তাঁর সৃষ্টির ফুল তাই কোনো নিষ্পাপ বাগানে জন্মায়নি; তা মানুষের আত্মার অতল গহ্বরের কিনারায় ফুটেছে।
কাফকার জীবনেও আমরা পাই আরেক ধরনের কণ্টকিত পথ: বিচ্ছিন্নতা, আমলাতান্ত্রিক যন্ত্রের মধ্যে আটকে পড়া জীবন, পিতৃসন্ত্রাসের মনস্তাত্ত্বিক ছায়া, শারীরিক অসুস্থতা, আত্মসংশয় এবং নিজের সাহিত্যিক কৃতিত্ব সম্পর্কে প্রায় নির্মম অবিশ্বাস। কিন্তু তাঁর ‘দ্য ট্রায়াল’ কিংবা ‘দ্য মেটামরফসিস’ আজ আধুনিক মানুষের বিচ্ছিন্নতা, অদৃশ্য ক্ষমতার ভয়, সামাজিক যন্ত্রে ব্যক্তিমানুষের অসহায়তা এবং নিজের কাছ থেকেই নির্বাসিত হয়ে পড়ার অভিজ্ঞতার এক স্থায়ী ভাষা। একদিন যে মানুষটি নিজের লেখার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত ছিলেন, সেই মানুষের নাম আজ “কাফকায়েস্ক” বিশেষণে মানবসভ্যতার এক স্থায়ী মনস্তাত্ত্বিক অবস্থাকে নির্দেশ করে। স্রষ্টার জীবনে যে ফুল ফুটতে পারেনি, ইতিহাস কখনো কখনো তার জন্য বিরাট এক বাগান তৈরি করে।
রিলকের ক্ষেত্রে এই কাঁটা অন্য রকম। তাঁর সৃষ্টিশীলতা নিঃসঙ্গতাকে কেবল বেদনা হিসেবে নয়, এক ধরনের আধ্যাত্মিক শর্ত হিসেবে গ্রহণ করে। তাঁর কাছে কবিতা তৎক্ষণাৎ লেখা যায় না; অভিজ্ঞতাকে দীর্ঘদিন নিজের মধ্যে বহন করতে হয়, তাকে রক্তের সঙ্গে, স্মৃতির সঙ্গে, নৈঃশব্দ্যের সঙ্গে মিশে যেতে দিতে হয়। তাঁর ‘ডুয়িনো এলিজিস’ কিংবা ‘সনেটস অব অরফিউস’-এ জীবন ও মৃত্যু পরস্পরের শত্রু নয়; তারা এক বৃহত্তর অস্তিত্বের দুই অনিবার্য দিক। রিলকে যেন শেখান, নৈঃসঙ্গ্য সবসময় শূন্যতা নয়; কখনো তা সেই অন্ধকার গর্ভ, যেখানে শব্দের জন্মের আগে দীর্ঘ প্রতীক্ষা জমে থাকে।
লোরকার দুয়েন্দে ধারণা সৃষ্টির কষ্টকে আরও অন্তরঙ্গ ও রক্তমাংসের করে তোলে। তাঁর কাছে শিল্পের গভীরতম শক্তি কেবল সৌন্দর্য নয়; বরং এমন এক অন্ধকার অন্তঃস্রোত, যেখানে কামনা, মৃত্যু, ভয়, রক্ত, দেহ এবং বিস্ময় একত্রে দহনশীল হয়ে ওঠে। আন্দালুসিয়ার মাটি, ঘোড়া, ছুরি, চাঁদ, রক্ত তাঁর কবিতায় নিছক প্রতীক নয়; এগুলো জীবন ও মৃত্যুর সীমান্তে দাঁড়ানো মানবসত্তার আদিম সংকেত। যে কবিকে হত্যা করা হয়েছিল, তাঁর কণ্ঠ গুলির শব্দে নিশ্চিহ্ন হয়নি; বরং ইতিহাসের গভীর থেকে আরও বহুগুণে ফিরে এসেছে। এখানেই সৃষ্টির এক অমোঘ সত্য হলো মানুষকে দৈহিকভাবে হত্যা করা যায়, কিন্তু তাঁর নান্দনিক অস্তিত্ব ও নির্মিত সৌন্দর্যকে কখনোই হত্যা করা যায় না।
বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথকে আমরা আলো, আনন্দ, সুর, বিশ্বমানবতার কবি হিসেবে দেখি, কিন্তু তাঁর সেই আলোর নিচেও শোকের দীর্ঘ ছায়া ছিল। ব্যক্তি জীবনের দুর্বহ শোক তাঁকে জীবনের গভীর নশ্বরতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। ‘গীতাঞ্জলি’র গানগুলি রচনার প্রেক্ষাপট যদি বিবেচনা করি সেখানে অনিবার্যভাবে চলে আসবে ব্যক্তিগত বিয়োগ ব্যথার ধারাবাহিকতা। কবি তাঁর স্ত্রী মৃণালিনী দেবী (১৯০২), কন্যা রেণুকা (১৯০৩) এবং কনিষ্ঠ পুত্র শমীন্দ্রনাথকে হারিয়ে যখন মানসিকভাবে ভীষণ একা, ঠিক তখনই সেইসব থোকা থোকা শোকই তাঁকে নিয়ে যায় নতুন সৃষ্টিশীলতার পথে— তৎপরবর্তীতে রচিত হয় গীতাঞ্জলির কালজয়ী সব গান। এখানেই মহৎ শিল্পীর সৃষ্টিশীল রূপান্তরক্ষমতা এমনই যে, নিজের ব্যক্তিগত অশ্রু মহত্তম শিল্পভাষে পরিণত হয়— যেটি থেকে শত শত বছর পরেও বিভিন্ন সংস্কৃতির অসংখ্য অচেনা মানুষ নিজের অশ্রুর জন্যও আশ্রয় খুঁজে পায়।
নজরুলের ক্ষেত্রে কাঁটা যেন আরও প্রকাশ্য— দারিদ্র্য, ঔপনিবেশিক নিপীড়ন, কারাজীবন, নিষেধাজ্ঞা, ব্যক্তিগত শোক, পরবর্তী জীবনের দীর্ঘ অসুস্থতা। কিন্তু নজরুলের সৃষ্টির বিস্ময় এই যে, তিনি শিকলকে নীরবতার প্রতীক হতে দেননি; বরং শিকলকেই ঝংকারে রূপান্তরিত করেছেন। তাঁর কবিতায় বিদ্রোহ আত্মপরিত্রাণের জন্য নয়, মানুষকে জাগানোর জন্য। যে লোহা বন্দিত্বের জন্য তৈরি, কবির হাতে সেটিই বাদ্যযন্ত্রে পরিণত হয়— সৃষ্টির রূপান্তর ক্ষমতার এর চেয়ে শক্তিশালী উপমা খুব কমই আছে।
জীবনানন্দের নৈঃসঙ্গ্য আরও মৃদু, আরও ধূসর, আরও গভীর। পেশাগত অনিশ্চয়তা, আর্থিক সংকট, সাহিত্যিক ভুলবোঝাবুঝি এবং তাঁর কবিতার নতুন ভাষা সম্পর্কে সমকালীন পাঠকের একাংশের অনাগ্রহ তাঁকে দীর্ঘকাল বিচ্ছিন্ন রেখেছিল। অথচ সেই নিঃসঙ্গ মানুষটির চোখেই বাংলা প্রকৃতি পেল তার আধুনিকতম রহস্যময় ভাষা। ধানসিড়ি, শঙ্খচিল, শালিক, হিজল, শিশির, কার্তিকের ম্লান আলো— সবকিছু তাঁর কবিতায় দৃশ্যের সীমা ছাড়িয়ে স্মৃতি, ইতিহাস, মৃত্যু ও সময়ের অধিবিদ্যায় পরিণত হয়। জীবনানন্দ দেখালেন, সৌন্দর্য সবসময় উজ্জ্বল নয়; কখনো তা ধূসর, কখনো কুয়াশাময়, কখনো বিষণ্ন; তবু তার কোমলতা গভীর। সব ফুল বসন্তে ফোটে না, কোনো কোনো ফুল কুয়াশার মধ্যেও জন্ম নেয়।
চিত্রকলার দিকে তাকালে ভিনসেন্ট ভ্যান গঘ যেন সৃষ্টির কাঁটা ও ফুলের সবচেয়ে দীপ্ত অথচ করুণ প্রতীক। দারিদ্র্য, মানসিক অস্থিরতা, সামাজিক বিচ্ছিন্নতা, প্রত্যাশিত স্বীকৃতির অভাব, সবকিছুই তাঁকে ক্ষতবিক্ষত করেছিল। অথচ তাঁর সানফ্লাওয়ার্স, দ্য স্টারি নাইট, গমক্ষেত, আত্মপ্রতিকৃতি— এসবের দিকে তাকালে বিস্ময় জাগে: এত অন্ধকারের মধ্যে এত রং কোথা থেকে এলো? সম্ভবত শিল্পের সবচেয়ে আশ্চর্য উত্তরটি এখানেই নিহিত। মানুষ যখন নিজের রাত দূর করতে পারে না, তখন কখনো কখনো সে সেই রাতের মধ্যেই নক্ষত্র এঁকে দেয়। ভ্যান গঘের আকাশ স্থির নয়; নক্ষত্র জ্বলে না, যেন ঘূর্ণায়মান হয়ে ওঠে; প্রকৃতি তাঁর কাছে বাইরের দৃশ্য নয়, অন্তর্জগতের কম্পন। যে জীবন স্থিরতা পায়নি, তার তুলিই অস্থিরতাকে চিরস্থায়ী সৌন্দর্যে রূপ দিয়েছে।
এডভার্ড মুঙ্কের ‘দ্য স্ক্রিম’ আধুনিক মানুষের ‘এক্সিসটেনশিয়াল এ্যাংজাইটি’র এক দৃশ্যমান প্রতীক। ছবিটির কেন্দ্রীয় অবয়বটি যেন ব্যক্তি নয়, সমগ্র মানব জাতির কোনো অন্তর্গত আতঙ্কের মুখ। মুঙ্কের জীবনে শৈশব থেকেই মৃত্যু ও অসুস্থতার ছায়া ছিল; সেই অভিজ্ঞতা তাঁর শিল্পে উদ্বেগ, ভয়, প্রেম, ঈর্ষা ও মৃত্যুচেতনার পুনরাবৃত্ত চিহ্ন হয়ে ওঠে। ‘দ্য স্ক্রিম’-এর সবচেয়ে বিস্ময়কর দিক হলো— আমরা চিৎকারটি শুনতে পাই না, কিন্তু দেখতে পাই। শিল্প এখানেই শব্দকে রঙে, আতঙ্ককে রেখায়, ব্যক্তিগত যন্ত্রণাকে মানবসভ্যতার প্রতীকে রূপান্তর করে।
ফ্রিদা কাহলোর জীবনও শরীরের দীর্ঘ যন্ত্রণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। দুর্ঘটনা, অসংখ্য অস্ত্রোপচার, দীর্ঘস্থায়ী ব্যথা, সম্পর্কের জটিলতা— সবই তাঁর শরীর ও চেতনাকে ক্ষতবিক্ষত করেছে। কিন্তু তিনি সেই আহত শরীরকে আড়াল করেননি। নিজের শরীরকেই ক্যানভাসের কেন্দ্রে এনে তিনি পরিচয়, নারীসত্তা, প্রেম, দেহ, মাতৃত্বের অসম্ভবতা এবং ব্যক্তিগত যন্ত্রণাকে শিল্পের ভাষায় রূপ দিয়েছেন। যে শরীর তাঁর কারাগার হতে পারত, শিল্পের মধ্যে সেই শরীরই হয়ে উঠল তাঁর আত্মউন্মোচনের সবচেয়ে শক্তিশালী ভাষা।
মনোবিশ্লেষণের ভাষায় এই রূপান্তরকে ‘সাবলিমেশন’-এর সঙ্গে যুক্ত করা যায়— অবদমিত বেদনা, আকাঙ্ক্ষা, ভয় কিংবা ক্ষোভ উচ্চতর সাংস্কৃতিক রূপে রূপান্তরিত হয়। কিন্তু শিল্পকে শুধু মনস্তাত্ত্বিক ক্ষতিপূরণ বললে তার গভীর রহস্যের অনেকটাই অনাবিষ্কৃত থেকে যায়। কারণ শিল্প কেবল ক্ষতকে প্রশমিত করে না; শিল্প ক্ষতকে অর্থ দেয়। অস্তিত্ববাদ এখানেই আমাদের আরও গভীরে নিয়ে যায়। মানুষ এমন এক পৃথিবীতে জন্মায় যেখানে তার জীবনের চূড়ান্ত অর্থ প্রস্তুত অবস্থায় দেওয়া নেই। মৃত্যু অনিবার্য, বিচ্ছেদ অনিবার্য, ব্যর্থতা সম্ভব, অথচ মানুষ তবু সৃষ্টি করে। আলবেয়ার কামুর অ্যাবসার্ড-চিন্তার আলোকে সৃষ্টিশীলতা তাই অর্থহীনতার বিরুদ্ধে মানুষের এক মহৎ বিদ্রোহ। পৃথিবী যদি আমাকে অর্থ না দেয়, আমি অর্থ নির্মাণ করব; অন্ধকার যদি আলো না দেয়, আমি প্রদীপ জ্বালাব; জীবন যদি আমাকে ফুলের বদলে কাঁটা দেয়, আমি সেই কাঁটাকেই শিল্পের উপাদান করব।
তবু যন্ত্রণাকে মহিমান্বিত করা যায় না। সুখ থেকেও শিল্প জন্মায়, প্রেম থেকেও, বন্ধুত্ব থেকেও, প্রকৃতির বিস্ময়, শিশুর হাসি, যৌথ আনন্দ, উৎসব ও শান্তি থেকেও অসামান্য সৃষ্টি সম্ভব। মহৎ শিল্পীর মহত্ত্ব তাঁর কত বেশি কষ্ট হয়েছে তাতে নয়; বরং জীবন তাঁকে যা দিয়েছে, তাকে তিনি কত গভীরভাবে অনুভব করেছেন এবং কত সৃজনশীলভাবে রূপান্তর করেছেন— সেখানেই। কাঁটা শিল্পের পূর্বশর্ত নয়; কিন্তু যখন কাঁটা আসে, সত্যিকারের স্রষ্টা তাকে নিছক ক্ষত হয়ে থাকতে দেন না।
মহৎ শিল্পের সবচেয়ে আশ্চর্য মুহূর্তটি ঘটে তখন, যখন ব্যক্তিগত অভিজ্ঞতা ব্যক্তিগত সীমানা অতিক্রম করে সর্বজনীন হয়ে ওঠে। রবীন্দ্রনাথের শোক আর শুধু তাঁর থাকে না; তাঁর গান শুনে আমাদের নিজের বিচ্ছেদের কথা মনে পড়ে। কাফকার গ্রেগর সামসা শুধু এক কাল্পনিক চরিত্র নয়; উৎপাদনক্ষমতার বাইরে মানুষ হিসেবে নিজের মূল্য হারানোর ভয় আমাদেরও গ্রাস করে। মুঙ্কের চিৎকার তাঁর ব্যক্তিগত আতঙ্ক নয়; আমাদের অজ্ঞাত উদ্বেগেরও মুখ। ভ্যান গঘের রাত তাঁর ব্যক্তিগত রাত অতিক্রম করে আমাদের আকাশে এসে দাঁড়ায়। এখানেই শিল্পের প্রকৃত সর্বজনীনতা— স্রষ্টা নিজের ক্ষত নিয়ে শুরু করেন, কিন্তু মহৎ শিল্প শেষ পর্যন্ত সকলের ক্ষতের ভাষা হয়ে ওঠে।
এই কারণে বিশ্বসাহিত্য ও শিল্পের ইতিহাস আসলে কেবল কৃতির ইতিহাস নয়; এটি রূপান্তরের ইতিহাস। দান্তের নির্বাসন মহাকাব্যিক যাত্রায়, দস্তয়েভস্কির মৃত্যুভয় মানবাত্মার অনুসন্ধানে, বোদলেয়ারের নগরবিষাদ আধুনিক নন্দনে, কাফকার বিচ্ছিন্নতা আধুনিক অস্তিত্বের অভিধায়, রিলকের নিঃসঙ্গতা আত্মার গূঢ় সংগীতে, লোরকার রক্তাক্ত অভিজ্ঞতা দুয়েন্দের মধ্যে দীপ্তিময়, রবীন্দ্রনাথের শোক গীতসুধা হয়ে বিশ্বমানবের চিরকালীন প্রার্থনায়, নজরুলের শৃঙ্খল বিদ্রোহের ঝংকারে, জীবনানন্দের নৈঃসঙ্গ্য বাংলার কুয়াশাময় সৌন্দর্যে, মুঙ্কের উদ্বেগ দৃশ্যমান চিৎকারে, ফ্রিদার আহত শরীর আত্মপরিচয়ের সাহসী ভাষায় এবং ভ্যান গঘের অন্ধকার রাত নক্ষত্রের ঘূর্ণায়মান মহাবিশ্বে রূপান্তরিত হয়েছে।
সময়ও এখানে এক অদ্ভুত সম্পাদক। সে শিল্পস্রষ্টার নশ্বর জীবনের অনেক ক্ষুদ্র অপমান, প্রত্যাখ্যান, ভুল-বোঝাবুঝি ও ব্যর্থতাকে মুছে দেয়; কিন্তু সত্যিকারের সৃষ্টি রয়ে গেলে তাকে সময়ান্তরে আরও স্পষ্ট আরও সার্বজনীন করে তোলে। দান্তের নির্বাসন শেষ হয়েছে, ‘ডিভাইন কমেডি’ রয়ে গেছে। দস্তয়েভস্কির সাইবেরিয়া অতীত, কিন্তু রাসকলনিকভের অপরাধবোধ এখনো আমাদের প্রশ্ন করে। কাফকার দাপ্তরিক ফাইলগুলো ইতিহাসের ধুলোয় হারিয়ে গেছে, কিন্তু তাঁর গোলকধাঁধা থেকে আধুনিক মানুষ এখনো পুরোপুরি বের হতে পারেনি। রবীন্দ্রনাথের ব্যক্তিগত শোক সময়ের মধ্যে বিলীন হয়েছে, কিন্তু তাঁর গান এখনো অচেনা মানুষের শোকের পাশে বসে। নজরুলের শিকল মরিচা ধরেছে, কিন্তু তাঁর বিদ্রোহ আজও জীবন্ত। জীবনানন্দের পদচারণা থেমেছে, অথচ বাংলার শিশিরে তাঁর কবিতার শব্দ জেগে ওঠে। ভ্যান গঘের হাত আর তুলি ধরে না, কিন্তু তাঁর সূর্যমুখী এখনো অসম্ভব হলুদ হয়ে ফুটে আছে।
শিল্পসৃষ্টির সবচেয়ে গভীর দর্শন সম্ভবত এখানেই যে, শিল্পী সীমাবদ্ধ নশ্বর জীবনের অধিকারী অথচ তাঁর সৃষ্টি প্রেরণার অলক্ষ্যে থাকে নশ্বরতাকে অতিক্রম করবার সুপ্ত আকাঙ্ক্ষা। মানুষ চলে যায়, কিন্তু তার নির্মিত সৌন্দর্য অন্য মানুষের অনুভূতিতে আশ্রয় নেয়। ব্যক্তিগত যন্ত্রণার কাল শেষ হয়ে যায়; কিন্তু সেই যন্ত্রণা থেকে জন্ম নেয়া শিল্প বহু শতাব্দী পরেও অনাগত দিনের কোনো মানুষের হৃদয়ে সাহস, বিস্ময়, সান্ত্বনা কিংবা সৌন্দর্যের অনুভূতি জাগিয়ে তোলে। একজনের ক্ষত তখন লক্ষ মানুষের হৃদয়ে ফুল হয়ে ফোটে।
সৃজনশীলতার পথকে তাই যদি একটি বাগানের রূপকে ভাবতে হয়, তবে সে বাগান কোনো নিষ্কণ্টক স্বর্গোদ্যান নয়। সেখানে মাটি শক্ত, ঋতু প্রতিকূল, আলো কখনো অপ্রতুল, পথের পাশে কাঁটা, পাথর ও অন্ধকার। কোনো কোনো বীজ দীর্ঘদিন মাটির নিচে নীরব হয়ে থাকে; কেউ জানে না তার ভেতরে একটি ফুল অপেক্ষা করছে। তারপর কোনো একদিন শক্ত মাটির বুক চিরে একটি সবুজ অঙ্কুর উঠে আসে। কাঁটার পাশেই জন্ম নেয় একটি কুঁড়ি। তারপর ফুল। তারপর সৌরভ।
আর তখন বোঝা যায় সৃজনশীলতার প্রকৃত বিজয় শিল্পীর যন্ত্রণায় নয়, যন্ত্রণাকে সৌন্দর্যে রূপান্তর করার মধ্যে। পৃথিবী তাঁকে যা দিয়েছিল, তিনি পৃথিবীকে ঠিক তা-ই ফিরিয়ে দেননি। পৃথিবী তাঁকে দিয়েছিল অন্ধকার, তিনি এঁকেছেন নক্ষত্র; পৃথিবী তাঁকে দিয়েছিল নির্বাসন, তিনি লিখেছেন মহাকাব্য; পৃথিবী তাঁকে দিয়েছিল শৃঙ্খল, তিনি বানিয়েছেন সংগীত; পৃথিবী তাঁকে দিয়েছিল নিঃসঙ্গতা, তিনি সৃষ্টি করেছেন কবিতা; পৃথিবী তাঁকে দিয়েছিল ক্ষত, তিনি সেই ক্ষতের উপরে ফুটিয়েছেন ফুল।
সৃজনশীলতার চূড়ান্ত নন্দনতত্ত্ব বোধকরি এইখানেই: পৃথিবী শিল্পস্রষ্টাকে সবসময় ফুল দেয় না; কখনো তার হাতে তুলে দেয় কাঁটা। তিনি সেই কাঁটায় রক্তাক্ত হন, নিঃসঙ্গ হন, প্রত্যাখ্যাত হন, কখনো সখনো নির্বাসিতও হন; তবু তাঁর আশ্চর্য ক্ষমতা এই যে, তিনি পৃথিবীর দেয়া সেই কাঁটাকেই পৃথিবীর কাছে পুনর্বার ফিরিয়ে দেন ফুলে রূপান্তরিত করে। মহৎ শিল্পস্রষ্টাগণ নিজ নশ্বর জীবনকালে বহন করেন দুঃখময় কাঁটার ক্ষত; আর আগামীর জন্য রেখে যান অফুরান ফুলেল সৌরভ।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন