নরসিংদীর শিবপুরে এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বাজনাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া একই দিন সকালে বেলাবতে নছিমন উল্টে এক চালকের মৃত্যু হয়েছে।
নিহত দুই পরীক্ষার্থী হলো-শিবপুরের আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী স্বাধীন (১৯) ও নাফিস (২২)। নাফিসের বাড়ি নরসিংদী সদর উপজেলার হাজিপুর গ্রামে এবং স্বাধীনের বাড়ি শিবপুরের বাদুয়ারচর পুরানপাড়া এলাকায়।
পুলিশ ও নিহতের সহপাঠীদের সূত্রে জানা যায়, আজ তাদের মার্কেটিং পরীক্ষা ছিল। শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা শেষে তারা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বাজনাব এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে একই দিন সকালে মনোহরদী-বেলাব সড়কের রাধাখালী ব্রিজ এলাকায় নছিমন উল্টে চালক শাওন (৩০) নিহত হয়েছেন। পুলিশ জানায়, মনোহরদী থেকে নছিমন নিয়ে বেলাব যাওয়ার পথে গাড়ির একটি চাকা খুলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শাওন মারা যান। তিনি মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের ব্রাহ্মণেরগাঁও গ্রামের ফারুক হোসেনের ছেলে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন