ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালালেও তাদের জায়গা এখন বিএনপি দখল করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন ‘জাতীয় নারী শক্তি’র সদস্য সচিব ডা. মাহমুদা মিতু। তিনি অভিযোগ করেন, দেশে এখন নতুন করে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাস শুরু হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেলে ঝিনাইদহে এনসিপি জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই জাগরণ’ পদযাত্রা ও সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. মাহমুদা মিতু বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় খুন, ধর্ষণ, ডাকাতি ও ছিনতাই আশঙ্কাজনক হারে বেড়েছে। সরকার জননিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। নির্বাচনের আগে বিএনপি জনগণকে যে প্রত্যাশার গল্প শুনিয়েছিল, তার কোনো বাস্তবায়ন নেই। আওয়ামী লীগ পালানোর পর সেই শূন্যস্থান দখল করে বিএনপি নেতারা চাঁদাবাজির রেকর্ড গড়ছেন।’
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন নির্বাচন কমিশনে (ইসি) দলীয় লোক নিয়োগের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে দলীয় পদধারী একজনকে বসিয়ে সরকার প্রতিষ্ঠানটিকে কুক্ষিগত করার চক্রান্ত করছে। এমন সাংবিধানিক প্রতিষ্ঠানে সরাসরি দলীয় লোক নিয়োগের নজির নিন্দনীয়।’
তিনি আরও বলেন, ‘জনগণ ফ্যাসিবাদী হাসিনাকে তাড়িয়েছে কোনো বৈষম্য মেনে নেওয়ার জন্য নয়। বিএনপিকে মনে রাখতে হবে, এই বাংলাদেশ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের। দেশের মানুষের বাংলাদেশ গড়ে তুলতে না পারলে জনগণ আপনাদেরও ক্ষমা করবে না।’
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার তার বক্তব্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসির দাবি জানান। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, তারেক রহমান জনগণের আবেগ ও ভালোবাসার সঙ্গে বেইমানি করেছেন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করে প্রতারণা করেছেন।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে জুলাই আন্দোলনে নিহত প্রকৌশলী রাকিবুল ইসলাম ও সাব্বির হোসেনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে ঝিনাইদহ কেন্দ্রীয় শহিদ মিনারে ‘জুলাই পদযাত্রা ও শহিদদের স্মরণে’ একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে একটি পদযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন