রাজধানীর মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বৈদ্যুতিক শক মেশিনসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে মিরপুর সেকশন-৬ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-ছাব্বির আহম্মেদ ওরফে অপূর্ব (২১) ও তুহিন আহমেদ তুষার ওরফে তুষার খাঁন (২৩)।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গতকাল রাত পৌনে তিনটার দিকে পুলিশ খবর পায় যে মিরপুর সেকশন-৬ এলাকায় ১৭-১৮ জন সশস্ত্র দুষ্কৃতকারী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ সহযোগী পালিয়ে গেলেও অপূর্ব ও তুষারকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে দুটি চাকু, একটি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তাঁরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং বড় ধরনের ডাকাতির পরিকল্পনা করছিলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তার হওয়া তুষারের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। পলাতক বাকি সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন