জুলাই শহীদ দিবস উপলক্ষে বরিশাল নগরীর আমতলা মোড়ে নবনির্মিত ‘শহীদ জুলাই স্মৃতিস্তম্ভ’ সেজেছে বর্ণিল সাজে। নানা রঙের চিত্র আর চোখধাঁধানো আলোকসজ্জায় পুরো এলাকা এখন উৎসবমুখর। বুধবার (৫ আগস্ট) দিবসটি পালনে জেলা প্রশাসনের উদ্যোগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে সাতটার দিকে সরেজমিনে দেখা যায়, স্মৃতিস্তম্ভের চারপাশে নান্দনিক আলোকসজ্জা ও ব্যানার লাগানো হয়েছে। দেয়ালগুলোতে ফুটে উঠেছে গণ-অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিময় চিত্র। সন্ধ্যার পর থেকেই নগরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ও তরুণ-তরুণীরা ভিড় করতে শুরু করেছেন স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে।
নিরাপত্তা নিশ্চিতে পুরো এলাকায় র্যাব ও পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
দিবসের কর্মসূচি সম্পর্কে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানান, বুধবার সকাল ১০টায় শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের সূচনা হবে। এরপর বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া দুপুর একটায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
এদিকে বিএডিসির নির্বাহী প্রকৌশলী সৈয়দ ওয়াহিদ মুরাদ সংবাদকে জানান, বিএডিসির পক্ষ থেকেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিএডিসি সরকারি জামে মসজিদে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হবে। এ ছাড়া বিভিন্ন ছাত্রসংগঠন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সকালে শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানা গেছে।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে প্রথমবারের মতো বরিশালে এত বড় পরিসরে স্মৃতিস্তম্ভ নির্মাণ ও বিশেষ এই আলোকসজ্জার আয়োজন স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
আপনার মতামত লিখুন