নওগাঁর মহাদেবপুরে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় এই সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাবসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হুদা বাবুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফের সভাপতিত্বে সভায় উপজেলার নিবন্ধিত সার ও বীজ ডিলার, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষকেরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মানুষ ও জলজ প্রাণীর শরীরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তিনি আগের মতো জৈব সার ও কেঁচো সারের ব্যবহার বাড়ানোর তাগিদ দেন। প্রতিটি বাড়িতে গোবর সংরক্ষণের জায়গা তৈরি ও খামার প্রতিষ্ঠার মাধ্যমে প্রাকৃতিক সার উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তবে আগামীতে এলাকায় প্রয়োজনীয় রাসায়নিক সার সরবরাহেরও আশ্বাস দেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসেইন মুহম্মদ এরশাদ স্থানীয় পর্যায়ে সার বিক্রি ও ওজনে কম হওয়া নিয়ে কৃষকদের সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, খুচরা বাজারে ৫০ কেজির বস্তা খুলে বিক্রি করতে গেলে ওজনে প্রায় ২ কেজি কম হয়, যা ডিলারদের জন্য ক্ষতির কারণ। এ ছাড়া কৃষকেরা বাকিতে সার কেনায় ডিলারদের নগদ টাকার সংকটে পড়তে হয়।
ইউএনও মানজুরা মুশাররফ ডিলারদের সতর্ক করে বলেন, সার বিক্রিতে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন এমপির প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ মামুন, ডিলার অমল কুমার খৈতান, ডিএম আবু সাঈদ, ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, সাংবাদিক একে সাজু, বিএনপি নেতা এস এম আব্দুল হান্নান, শ্রমিক দল নেতা জাহাঙ্গীর আলম ও কৃষক দল নেতা জহুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন