রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি-উভয় ক্ষেত্রেই শীর্ষে রয়েছে বগুড়া। বোর্ডের আট জেলার মধ্যে একমাত্র বগুড়াতেই পাসের হার ৭০ শতাংশের ঘর পেরিয়েছে।
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, বগুড়া জেলায় এবার ২৩ হাজার ৩৮৯ জন শিক্ষার্থী পাস করেছেন। পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। জেলা থেকে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী।
বোর্ডের অন্য জেলাগুলোর মধ্যে পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে জয়পুরহাট (৬৭.৫৩ শতাংশ)। এরপর পর্যায়ক্রমে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ (৬৫.১৩ শতাংশ), নওগাঁ (৬২.৪৯ শতাংশ), রাজশাহী (৬২.২৮ শতাংশ), নাটোর (৬১.২৫ শতাংশ) ও পাবনা (৬০.৭৬ শতাংশ)। বোর্ডের মধ্যে পাসের হারে সবচেয়ে পিছিয়ে রয়েছে সিরাজগঞ্জ; এই জেলায় পাসের হার ৫৮ দশমিক ৬৪ শতাংশ।
জিপিএ-৫ পাওয়ার দিক থেকেও অন্য সাতটি জেলার তুলনায় অনেক এগিয়ে রয়েছে বগুড়া। এই জেলা থেকে ৪ হাজার ৪৭৮ জন জিপিএ-৫ পেয়েছেন, যা দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহী জেলার (২ হাজার ৯৪৯ জন) চেয়ে ১ হাজার ৫২৯ জন বেশি।
ফলাফল অনুযায়ী, রাজশাহী বোর্ডের আট জেলার মধ্যে শুধু বগুড়াতেই পাসের হার ৭০ শতাংশের বেশি। অন্যদিকে, সিরাজগঞ্জ জেলার পাসের হার ৬০ শতাংশের নিচে নেমে এসেছে। পাসের হারে পিছিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তিতে সিরাজগঞ্জ (১,৯০৭ জন) ও পাবনা (১,৯৭০ জন) ভালো অবস্থানে রয়েছে।
আপনার মতামত লিখুন