গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এক সপ্তাহের ব্যবধানে দুটি হাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্য হাতির আক্রমণে গুরুতর আহত হওয়া ‘রাজু বাহাদুর’ নামের একটি হাতি দীর্ঘ লড়াই শেষে মারা গেছে। অন্য হাতিটি মারা গেছে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান দুই হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পার্ক কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজু বাহাদুরকে মৃত অবস্থায় পাওয়া যায়। এর আগের দিন ৬ আগস্ট মারা যায় অন্য হাতিটি।
পার্কের কর্মকর্তারা জানান, ২৪ মে হাতিশালায় শেকলে বাঁধা অবস্থায় রাজু বাহাদুরের ওপর ‘জয়িতা’ নামের চার বছর বয়সী অন্য একটি হাতি হামলা চালায়। এতে রাজু বাহাদুরের একটি পা ভেঙে যায়। আহত হাতির চিকিৎসায় বিশেষ মেডিকেল বোর্ড গঠন করার পাশাপাশি থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়েছিল। নিয়মিত পরামর্শ নেওয়া হয়েছিল শ্রীলঙ্কার চিকিৎসকদেরও। তবে সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজু বাহাদুরের মৃত্যু হয়।
এদিকে, ৬ আগস্ট অন্য একটি হাতি ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। মৃত হাতি দুটির নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। পরে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পার্কের ভেতরেই সেগুলোকে মাটিচাপা দেওয়া হয়। বর্তমানে পার্কে হাতির সংখ্যা দাঁড়িয়েছে আটটিতে।
উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে ৯ বছর বয়সী রাজু বাহাদুরকে উদ্ধার করেছিল বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। উদ্ধারের পর থেকেই এটি সাফারি পার্কের হাতিশালায় ছিল। মে মাসে অন্য হাতির হামলায় পা ভেঙে যাওয়ার পর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিল হাতিটি।
আপনার মতামত লিখুন