শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ঠাকুরগাঁওয়ে যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহার ও পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ৯টি মামলায় ৫ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী যানবাহনে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি শব্দের হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় দুটি যানবাহনের বিরুদ্ধে মামলা করে ১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী একটি যানবাহনকে ৫০০ টাকা জরিমানা করা হয়। সড়ক পরিবহন আইনসহ সংশ্লিষ্ট অন্যান্য বিধিমালার আওতায় সব মিলিয়ে ৯টি মামলায় মোট ৫ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবির। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তামিম হাসান এবং বিআরটিএ ঠাকুরগাঁওয়ের পরিদর্শক মো. মাফুজ রানা।
অভিযান চলাকালে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে চালকদের সচেতন করতে লিফলেট বিতরণ ও যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। জেলা আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
আপনার মতামত লিখুন