রংপুরের বদরগঞ্জে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের বসতবাড়িতে বড় ভাইয়ের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। গত ৪ আগস্ট উপজেলার দামোদরপুর ইউনিয়নের পূর্ব ঝাড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে দুটি ঘর ভাঙচুর ও লুটপাটে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
মামলার নথিপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আফতাব হোসেনের চার ছেলের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে বড় ভাই আব্দুল মজিদ ও ছোট ভাই শামসুল হক একে অপরের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা করেছেন। গত ৪ আগস্ট সকালে আব্দুল মজিদের নেতৃত্বে একদল ভাড়াটে সন্ত্রাসী শামসুল হকের বাড়িতে হামলা চালায়। তারা দুটি ঘর ভেঙে ফেলার পাশাপাশি ঘরে থাকা ফসল লুট করে নিয়ে যান। বাধা দিতে গেলে শামসুল হক ও তার পরিবারের সদস্যরা মারধরের শিকার হন।
এ ঘটনায় শামসুল হকের ছেলে সাইদার রহমান ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে বদরগঞ্জ থানায় মামলা করেন। আসামিরা আদালত থেকে জামিন পাওয়ার পর আবারও তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী সাইদার রহমান। তিনি বলেন, ‘পরিবার নিয়ে আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় আছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল মজিদ কোনো মন্তব্য করতে রাজি হননি। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আসামিরা জামিনে এসে হুমকি দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। তবে পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি - এই দাবি সত্য নয় বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন