সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে জবাই করে হত্যার দায়ে তার স্ত্রীসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা দেড়টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ–১ আদালতের বিচারক লায়লা শারমিন এই রায় ঘোষণা করেন।
কারাদণ্ডের পাশাপাশি দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রায়ের সময় দণ্ডিত আসামি মনিরুল ফকির আদালতে উপস্থিত ছিলেন। তবে অন্য দণ্ডিত আসামি নিহত সুজনের স্ত্রী উম্মে জামিলা তিথি দীর্ঘদিন ধরে পলাতক। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় পিয়াস হোসেন ও রাশিদুল ইসলাম নামের দুজনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহান শাহ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন পাবনার আটুয়া হাউজপাড়া গ্রামের উম্মে জামিলা তিথি ও শাহজাদপুর উপজেলার মাদলা গ্রামের মনিরুল ফকির।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালের ২ জুন পরকীয়া প্রেমের জেরে সেলিম রেজা সুজনকে নিজ ঘরে ঘুমের ওষুধ খাইয়ে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা মাজেদা খাতুন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার (১৮ আগস্ট) এই রায় ঘোষণা করা হলো।
এদিকে আদালতের দেওয়া এই রায় প্রত্যাখ্যান করে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছেন নিহত সুজনের স্বজন ও বন্ধুরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বহুল আলোচিত এই হত্যা মামলার রায় ঘিরে সিরাজগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন