চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল (চিকিৎসকদের জন্য নমুনা ওষুধ) বিক্রির দায়ে পাঁচটি ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় অর্ধলাখ টাকা মূল্যের অবৈধ ওষুধ জব্দ করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে আলমডাঙ্গা শহরের হাইরোড এলাকায় উপজেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী। সঙ্গে ছিলেন চুয়াডাঙ্গা ওষুধ প্রশাসনের জেলা পরিদর্শক ইকরামুল করিম।
আদালত সূত্রে জানা গেছে, অভিযানে ইয়াসিন ফার্মেসি থেকে বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করে মালিক আলমগীর হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মাশকুরা ফার্মেসির মোশারফ হোসাইনকে ৩ হাজার টাকা, লতা ফার্মেসির আহমেদ হাসীব রেজাকে ২ হাজার টাকা এবং মেডিসিন কর্নারের আব্দুল ওহাবকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ রাখায় মালিক হাবিবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আনিছা ফার্মেসি নামের আরেকটি প্রতিষ্ঠান থেকেও ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করে প্রশাসন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী জানান, অভিযানকালে ড্রাগ লাইসেন্স ও অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্টার খাতা পরীক্ষা করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়ায় তাদের সতর্ক করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান শেষে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধগুলো জনসমক্ষে ধ্বংস করা হয় এবং ফিজিশিয়ান স্যাম্পলগুলো ওষুধ প্রশাসন দপ্তরে নিয়ে যাওয়া হয়।
আপনার মতামত লিখুন