চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২০টি পরিবারের অনুকূলে ৮২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের উত্তরাধিকারী এবং আহতদের চিকিৎসা সহায়তার অংশ হিসেবে এই অর্থ মঞ্জুর করা হয়েছে।
চেক বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম বি এম খালিদ হোসেন সিদ্দিকী, চুয়াডাঙ্গা বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস এবং ট্রাফিক পরিদর্শক (শহর ও যানবাহন) আমিরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মইনুদ্দিন এবং নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন।
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সুধীজনেরা। জেলা প্রশাসন জানায়, সড়ক নিরাপত্তা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন