হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে সিনিয়র ও জুনিয়র দ্বন্দ্বের জেরে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে শহরের অনন্তপুর আবাসিক এলাকায় অবস্থিত ছাত্র হোস্টেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলেন - তাসরিফ আহমেদ, শরীফ উদ্দিন, রায়হান রাজ, রজব সানি, ফারদিন ইফতি, সামি, রিয়াদ, আব্দুল্লাহ চৌধুরী, সামিউল আল আরিফ ও হুজাফ সৌমি প্রমুখ।
শিক্ষার্থী ও হোস্টেল সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে তাফসির ও শরীফ উদ্দিন নামের দুই শিক্ষার্থীর মধ্যে সিনিয়রিটি নিয়ে কথা-কাটাকাটি হয়। তাদের মধ্যে আগে থেকেই অভ্যন্তরীণ বিরোধ ছিল। এর জের ধরে শিক্ষার্থীরা দুই পক্ষে বিভক্ত হয়ে পড়ে এবং লোহার রড, স্ট্যাম্পসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো হোস্টেল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে আহত একটি পক্ষের দাবি, এটি কেবল সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নয়; ছাত্রশিবিরের কয়েকজন কর্মী পরিকল্পিতভাবে ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীদের ওপর এই হামলা চালিয়েছে। তবে অন্য পক্ষ এই দাবি অস্বীকার করেছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন