মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভুয়া পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাধারণ মানুষকে সচেতন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে সাটুরিয়ার ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম এই প্রতারক চক্রের তৎপরতার বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট রাতে সাটুরিয়া ইউনিয়নের এক ভূমি সহকারী কর্মকর্তাকে কল করে ইউএনওর পরিচয় দেয় প্রতারক চক্রের এক সদস্য। ফোনে তারা সাটুরিয়া বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইল নম্বর চায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে ওই কর্মকর্তা দ্রুত উপজেলা প্রশাসনকে অবহিত করেন। এর মধ্যে একটি ফার্মেসির মালিকের কাছে ইউএনওর নাম করে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও জানা গেছে।
এ বিষয়ে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, উপজেলা প্রশাসন কোনো প্রকার নীতিবিবর্জিত কাজের সঙ্গে যুক্ত নয়। বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার একমাত্র অফিশিয়াল মোবাইল নম্বর ০১৭১৩-৩৫৩৩১৭। এই নম্বরটি ছাড়া অন্য কোনো নম্বর ইউএনও বা তার দপ্তর ব্যবহার করে না।
প্রতারক চক্রের কোনো কল পেলে ব্যক্তিগত বা দাপ্তরিক তথ্য না দেওয়ার এবং সব ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। এ ছাড়া এ ধরনের সন্দেহভাজন ফোন এলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা উপজেলা প্রশাসনকে জানাতে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন