গাইবান্ধার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ আইয়ুব আলী সরকার (মাস্টার) মারা গেছেন। শুক্রবার (২১ আগস্ট) সকাল ৬টা ৫০ মিনিটে গাইবান্ধা শহরের নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।
আইয়ুব আলী সরকার দীর্ঘ কর্মজীবনে শিক্ষকতা ও সমাজসেবায় নিবেদিত ছিলেন। তিনি সাদুল্যাপুরের ছান্দিয়াপুর উচ্চবিদ্যালয় এবং ড. আর এ গনি কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া মিরপুর উচ্চবিদ্যালয় ও মাদারগঞ্জ সিনিয়র মাদ্রাসায় ইংরেজি শিক্ষক হিসেবে তাঁর বিশেষ সুখ্যাতি ছিল।
মুক্তিযুদ্ধের সময় তিনি রসুলপুর ইউনিয়ন সংগ্রাম কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে ১৯৭৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত দীর্ঘ সময় সাদুল্যাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব সামলেছেন। ২০১৭ সালে তিনি গাইবান্ধা জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এ ছাড়া মৃত্যুর আগপর্যন্ত তিনি গাইবান্ধা জেলা হাজি কল্যাণ সমিতি ও জয়দেব ঈদগাহ কমিটির সভাপতি ছিলেন।
আইয়ুব আলী সরকারের দুই ছেলের মধ্যে বড় ছেলে মোতাহার হোসেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক এবং ছোট ছেলে সাদেকুল ইসলাম গোলাপ একজন উন্নয়ন বিশেষজ্ঞ।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টায় গাইবান্ধা শহরের শাপলাপাড়া স্টাফ কোয়ার্টার জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের আরাজি তরফ কামাল-ছান্দিয়াপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আপনার মতামত লিখুন