চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মহিউদ্দিন ওরফে মহিন উদ্দিন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার রাতে পশ্চিম শহীদনগর তৈয়্যবীয়া হাউজিং সোসাইটির একটি বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট জব্দ করা হয়। রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) আমিনুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ১৩ আগস্ট নগরের পাঁচলাইশ থানার আফমী প্লাজার সামনে থেকে ৪০ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ডে মহিউদ্দিন স্বীকার করেন যে বায়েজিদ বোস্তামী এলাকার একটি ভাড়া বাসায় তিনি জাল টাকা তৈরির কারখানা স্থাপন করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই শনিবার রাতে ওই বাসায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ।
সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, ‘অভিযানে জাল টাকা তৈরির একটি বিশেষ মেশিন, ১০০ টাকার ৪৩টি, ৫০০ টাকার ২৪টি এবং ১ হাজার টাকার দুটি জাল নোট উদ্ধার করা হয়েছে। মহিউদ্দিন বাসা ভাড়া নিয়ে সেখানে গোপনে জাল নোট ছাপানোর কাজ করতেন।’
পুলিশ আরও জানায়, রিমান্ড শেষে মহিউদ্দিনকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন