রাজবাড়ীর কালুখালী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষার দ্বার উন্মোচন করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ’। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট এলাকায় এই শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, দেশের শান্তি-শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সেনাবাহিনী মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন এবং সুশিক্ষিত ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় কালুখালীর এই প্রত্যন্ত অঞ্চলে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার সুযোগ নিশ্চিত করতে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে।
একই দিনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর’ (এমসিএসএফ)-এরও উদ্বোধন করেন। জ্ঞান, শৃঙ্খলা ও নেতৃত্বগুণসম্পন্ন আদর্শ নাগরিক গড়ার লক্ষ্য নিয়ে মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনার (এমসিএসকে) আদলে ফরিদপুরের এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।
কালুখালীতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. হাফিজুর রহমান, রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন এবং কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিমসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী আশা করছে, নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্থানীয় শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি এ অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন