নারায়ণগঞ্জের বন্দরে একটি অটোরিকশা গ্যারেজের কর্মীদের হাত-পা ও মুখ বেঁধে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার হৃদয়কে (২৯) গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে ফতুল্লার ভূঁইঘর এলাকায় র্যাব-১১ ও র্যাব-৩-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার হৃদয়ের বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন থানায় অন্তত ৯টি ডাকাতির মামলা রয়েছে। তিনি বরিশালের মুলাদী থানার আলিমাবাদ এলাকার আবদুর রব হাওলাদারের ছেলে।
ঘটনার বিবরণ দিয়ে র্যাব-১১ জানায়, গত ১ জুলাই ভোরে বন্দরের আন্দিরপাড় এলাকায় ‘মরিয়ম অটো-সিএনজি গ্যারেজে’ একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা গ্যারেজের মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে গ্যারেজের ব্যবস্থাপক ও তিনজন মালিককে জিম্মি করে। পরে তাদের হাত-পা ও মুখ বেঁধে ক্যাশ থেকে নগদ টাকা এবং অটোরিকশার ১০৬টি ব্যাটারি লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত মালামালের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা।
এ ঘটনায় গ্যারেজ ব্যবসায়ী নিলুফা আক্তার বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। এরপর গোয়েন্দা নজরদারির ভিত্তিতে গতকাল রাত দুইটার দিকে ফতুল্লার ভূঁইঘর এলাকা থেকে মামলার প্রধান আসামি হৃদয়কে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় ডাকাতির কথা স্বীকার করেছেন। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন