চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার তারিখ ও আবেদনের সময়সীমা ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এই ভর্তিযুদ্ধ শুরু হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে চলতি বছরের ১৫ নভেম্বর থেকে।
রোববার (২৩ আগস্ট) ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত সময়সূচী জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। গতবারের মতো এবারও ভর্তি পরীক্ষা দেশের তিনটি বিভাগীয় শহর-চট্টগ্রাম (চবি ক্যাম্পাস), ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) এবং রাজশাহী (রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। তবে চারুকলা ও নাট্যকলাসহ বিশেষায়িত উপ-ইউনিটগুলোর (বি১, বি২ ও ডি১) পরীক্ষা শুধুমাত্র চবি ক্যাম্পাসে নেওয়া হবে।
পরীক্ষার সময়সূচী :
ঘোষিত সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে কার্যক্রম শুরু হলেও মূল ইউনিটগুলোর মধ্যে ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট এবং ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বি১ উপ-ইউনিটের পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, বি২ উপ-ইউনিট ৪ ফেব্রুয়ারি এবং সর্বশেষ ৮ ফেব্রুয়ারি ডি১ উপ-ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শেষ হবে।
উল্লেখ্য, প্রতিবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কয়েক লাখ শিক্ষার্থী ভর্তির আবেদন করেন। শিক্ষার্থীদের যাতায়াত ও আবাসন সমস্যা লাঘবে কয়েক বছর ধরে ক্যাম্পাস ছাড়াও ঢাকা ও রাজশাহীতে পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন