রংপুরের তারাগঞ্জে কৃষকদের মাঝে সঠিক সময়ে মানসম্মত সার ও বীজ সরবরাহ নিশ্চিত এবং বাজারদর স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা হয়।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় ও তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী এবং উপজেলার অনুমোদিত ডিলাররা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বর্তমান সার ও বীজের মজুত, চাহিদা এবং সরবরাহ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের পক্ষ থেকে জানানো হয়, উপজেলায় বর্তমানে পর্যাপ্ত সার ও বীজ মজুত রয়েছে। ফলে কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই।
উপস্থিত ডিলারদের সতর্ক করে সভায় বলা হয়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হলে বা কেউ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া জনস্বার্থে প্রতিটি দোকানে হালনাগাদ সার ও বীজের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন