চাঁদপুর সদর উপজেলার মহামায়া পল্লী বিদ্যুৎ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তামিম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামিমের বাড়ি চাঁদপুর সদর উপজেলার আলগী এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে একটি বাইক গ্রুপের ‘মিটআপ’ শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন তামিম। পথে মহামায়া পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পানিতে পড়ে যায়। এ সময় বাইকের পেছনে থাকা তামিম ছিটকে গিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চাঁদপুর সদর থানা-পুলিশ জানায়, ঘটনার খবর পাওয়া গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন