রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ক্যাম্পাসে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও) জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেয়।
গত ২৮ আগস্ট অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে তিনটি বিভাগে (ক্যাটাগরি) মোট ৫৯ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রাইমারি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী প্রিয়াংশু ঋদ্ধি রায়। জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে একই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজানা মানহা এবং সেকেন্ডারি বিভাগে রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী মাহির আরিব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মোট নয়টি বৈজ্ঞানিক সমস্যার সমাধান করতে হয়। পরে একটি প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন কৌতূহলের উত্তর দেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ও বুয়েটের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ুব এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞানী ও লেখক ড. আবেদ চৌধুরী, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি মুনির হাসান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুর রব বলেন, এ ধরনের অলিম্পিয়াড শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করে। আমাদের তরুণদের মধ্যে অনেক প্রতিভাবান বিজ্ঞানী লুকিয়ে আছেন। ড. আবেদ চৌধুরী বলেন, তরুণ মেধাবীরাই বাংলাদেশের ভবিষ্যৎ। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পাশাপাশি নিজেদের মেধা কাজে লাগিয়ে নতুন নতুন সমস্যার সমাধান খুঁজতে হবে।
জাতীয় পর্যায়ের এই বিজয়ীদের নিয়ে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত একটি অনাবাসিক ক্যাম্প অনুষ্ঠিত হবে। সেখান থেকে বাছাই পরীক্ষার মাধ্যমে বুলগেরিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) অংশ নেওয়ার জন্য ছয় সদস্যের চূড়ান্ত বাংলাদেশ দল নির্বাচন করা হবে।
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) যৌথভাবে এই অলিম্পিয়াড আয়োজন করেছে।
আপনার মতামত লিখুন