পঞ্চগড়ের বোদায় তেলবাহী ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম (৫৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের নাজিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ইজিবাইকের আরও তিন যাত্রী আহত হয়েছেন।
নিহত শহিদুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের খোলাপাড়া এলাকার মৃত সামসুদ্দিনের ছেলে। আহত ব্যক্তিরা হলেন—মোস্তাফিজুর রহমান (৪৮), সিরাজুল ইসলাম (৭০) ও বেলাল হোসেন (৫২)। তাঁদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে পঞ্চগড় থেকে যাত্রী নিয়ে ইজিবাইকটি বোদা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। নাজিরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ যাত্রীরা ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ট্রাকটি ধাক্কা দেওয়ার পর পুনরায় পিছিয়ে চালক শহিদুলের মাথার ওপর দিয়ে চালিয়ে দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে যান। পরে পঞ্চগড় ট্রাক টার্মিনাল এলাকায় ট্রাকটি রেখে চালক ও সহকারী গা-ঢাকা দেন। খবর পেয়ে বোদা হাইওয়ে থানা-পুলিশ ট্রাকটি জব্দ করে। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে প্রায় ২০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে রাস্তার দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন