ফেনীর ছাগলনাইয়া পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর কাজী নুর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) রাত ৯টার দিকে ছাগলনাইয়া পৌরসভার হিছাছড়া রাস্তার মাথা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কাজী নুর আলম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের (হিছাছড়া) আমির হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাওয়ার পথে ফেনীর ছাগলনাইয়া ও কুতুবপুর এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০২৪ সালের ১১ অক্টোবর ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক সুলতান মোহাম্মদ সিকান্দার ভুট্টো বাদী হয়ে ২৫১ জনকে আসামি করে একটি মামলা করেন। কাজী নুর আলম এই মামলার অন্যতম এজাহারনামীয় আসামি।
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফেনীর মহিপালে সংঘটিত হত্যাকাণ্ড ও একটি বিস্ফোরক মামলায়ও তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাজী নুর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। খালেদা জিয়ার গাড়িবহরে হামলাসহ অন্যান্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’
আপনার মতামত লিখুন